ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ে জুয়ার আসর
চার পুলিশ আটক
Advertisement
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযানকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক এএসপির হাতের আঙুল ভেঙে গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা সটকে পড়ার চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই চার পুলিশ সদস্যকে আটক করা হয়। আসর থেকে টাকা, তাস ও একাধিক স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-কনস্টেবল সোহেল রানা, এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল আলমগীর কবির এবং এএসআই শাহাদত জামান। অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই আতাউর রহমান ও পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল শহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় এসআই লিখন হোসেন জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।
