Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

দুদিনে চার ঘটনায় দেশজুড়ে নিন্দা

নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

Advertisement

সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম

আরমান ভূঁইয়া আরমান ভূঁইয়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

Advertisement

অপরাধীদের কাছে দিন-রাত সমান। তারা থাকে সুযোগের অপেক্ষায়। তবে গত কয়েক দিনে নতুন করে মধ্যরাতের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে। পরপর একাধিক ঘটনায় রাজধানীর মানুষের মাঝে বিরাজ করছে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা। দিনের আলো কিংবা রাতের আঁধার-বিপদ যেন মানুষের পিছু ছাড়ছে না। তবে দিনের চেয়ে রাতের ঢাকা হয়ে উঠছে বেশি ভয়ংকর। অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অপরাধী, দখলদার বাহিনী ও চাঁদাবাজচক্রের তৎপরতা বেড়ে যায়।

সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। প্রভাবশালী ও সুবিধাভোগী চক্রের ছত্রছায়ায় অপরাধীরা রামদা, লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে নাগরিক জীবন। দুদিনে মিরপুর, মোহাম্মদপুর, আদাবর এবং ইসিবি চত্বরের পৃথক চারটি ঘটনা অপরাধের নতুন ধরন নগ্নভাবে সামনে এসেছে। এসব ঘটনা মেনে নিতে পারছেন না কেউ। সবাই আছেন শঙ্কার মাঝে- কার ওপর কখন কোন বিপদ এসে ঝাঁপিয়ে পড়ে।

সংশ্লিষ্টরা বলছেন, রাতে যে উপদ্রব শুরু হয়েছে, এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে তা শুধু নাগরিক জীবনকেই বিপর্যস্ত করবে না, বরং দেশের সামগ্রিক নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরবারকে নতুন করে ভাবতে হবে। জনগণের মাঝে স্বস্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। রাতের টহল জোরদার করতে হবে। জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। টিআইবি রাড্ডা ও ইসিবি চত্বরে লুটপাট ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। বরং সরকারের জন্য অশনিসংকেত।

২৪ সেপ্টেম্বর মধ্য রাতে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর প্রথম প্রহরে মিরপুরের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে’ একদল হামলাকারী নিষ্ঠুরভাবে তাণ্ডব চালায়। রাতের অন্ধকারে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতাল চত্বরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ভবনের গ্লাস, আসবাবপত্র এবং চিকিৎসাসামগ্রী ভাঙচুর করতে থাকে। ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবরটি জানালেও তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে হামলাকারীরা তাণ্ডব শেষে নিরাপদে বেরিয়ে যায়।

মিরপুরে রাড্ডার ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে মোহাম্মদপুরে জমি দখলের এক ভয়াবহ চিত্র। ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে এই এলাকার ব্যস্ততম স্থানে রাতারাতি ৩৫ কাঠা আয়তনের মূল্যবান জমি দখলের উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানায়, রাতে একদল লাঠিয়াল ও ভাড়াটে সন্ত্রাসী দলবদ্ধ হয়ে জমিটির সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে জমির মালিক ও নিরাপত্তাকর্মীদের ওপর নির্মম হামলা চালানো হয়।

মোহাম্মদপুরের ঘটনার ক্লু উদ্ঘাটন হতে না হতেই শনিবার (একই দিন) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে (নিউগিনি হাউজিং প্রজেক্ট) সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। রাত ১০টার দিকে প্রায় ২৫০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত চারটি মিনি ট্রাকে করে নিউগিনি প্রপার্টিজে জোর করে প্রবেশ করে। এ সময় তারা আনুমানিক ৪০ থেকে ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। অস্ত্রধারীরা প্রজেক্টের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে ফেলে। বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

ওই প্রজেক্টে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে দুর্বৃত্তরা ব্যাপক তাণ্ডব চালায়। নিউগিনি প্রপার্টিজের মালিকপক্ষ অভিযোগ করেছেন, সন্ত্রাসীরা অফিসকক্ষ থেকে নগদ প্রায় এক কোটি টাকা, হার্ডডিস্ক, কোটি টাকার সরঞ্জামাদি ও মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। দুপক্ষের জমিজমা নিয়ে বিরোধের জেরে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তার লোকজন দিয়ে এই হামলা চালিয়েছেন বলে জানান পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রুহুল কবীর খান।

এদিকে শনিবার ভোরে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকায় একটি আটতলা বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটির সামনে এসে জড়ো হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের হাতে চাপাতি ও রামদা ছিল। একটু দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে পিস্তল দেখা যায়, যিনি পুরো হামলার নেতৃত্ব দিচ্ছিলেন। হামলাকারীরা মূল ফটক খুলে বাড়ি থেকে সবাইকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়। ভবনের বাসিন্দারা ভেতরে অবস্থান করায় এবং গেট খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা আরও চড়াও হয়। তারা ‘টাকা দে, বাসায় থাকিস টাকা দিবি না কেন’-এই কথা বলতে বলতে চাপাতি ও রামদা দিয়ে মূল ফটকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। বাড়িটি দখলের সশস্ত্র চেষ্টা চালিয়ে তারা সাময়িকভাবে ফিরে যায়। এ হামলার বিষয়ে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এসব লোমহর্ষক ঘটনার বিষয়ে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি বিতর্কিত জমি নিয়ে নিউগিনি প্রপার্টিজ নামক একটি বিল্ডার্স গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানাসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে একপক্ষ দখল করতে গেলে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি স্টুডিও ভাঙচুরের শিকার হয়। মন্ত্রী বলেন, মিরপুরের শাহআলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনায় শাহআলী থানার ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।

রোববার সন্ধায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, নগরবাসীর মনে ভীতি দূর করতে ও নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে পুলিশি টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করেছে। আদাবরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অনেক অপরাধ আমরা প্রতিরোধ করেছি। যেসব অপরাধ প্রতিরোধ করতে পারিনি, সেগুলোর ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবাদমুখর দেশ : দিন-রাতে সমানে হামলা, ভাঙচুর, চাঁদা দাবি-এসব ঘটনায় উদ্বিগ্ন দেশের সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন প্রেস সচিব ও বর্তমানে ‘প্রতিদিনের বাংলাদেশ’ সম্পাদক মারুফ কামাল খান শনিবার গভীর রাতে ফেসবুক পোস্টে বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটতরাজ হয়েছে। মিরপুরের রাড্ডায় মুখোশ পরে একটি এনজিও অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে-যেটি দীর্ঘদিন ধরে শিশুদের টিকাদান কেন্দ্র ছিল। রাতের আঁধারের এসব কাণ্ড-কীর্তি দেখেশুনে আতঙ্কিত বোধ করছি। হায় ঈশ্বর, তুমি আমাদের ক্ষমা করো!’

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেন, ‘শুধু জমি দখলের লালসায় রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া হলো সুবিধাবঞ্চিত মা ও শিশুদের শেষ ভরসার স্থল। আর এই বর্বরতার নেপথ্য ইন্ধনদাতা সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক প্রভাবশালী নেতা।’

সাংবাদিক আশরাফ কায়সার ফেসবুক পোস্টে লেখেন, ‘মধ্যরাত ও মুখোশধারী সময়’। অপর এক পোস্টে লেখেন, ‘বিএনপির ঘোর ও সময়’, ‘রাড্ডা থেকে গাড্ডার শুরু’। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ এক ফেসবুক পোস্টে বলেন, ‘সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। আমরা লজ্জিত।’ ছোট পর্দার অনেক তারকা শিল্পী এ দেশে বসবাস করাই কঠিন হয়েছে বলে মন্তব্য করেন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত ৮ মাসে সাড়া দেশে অন্তত ১৫৪টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। শুধুমাত্র ঢাকায় মবের ঘটনা ঘটেছে ৫৭টি। যেখানে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯৮টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকায় ছিল ৮১টি ঘটনা।

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গত দুদিনে আমরা যেসব ঘটনা জানতে পেরেছি, এসব ঘটনা নিয়ন্ত্রণে আনা না গেলে পরোক্ষভাবে গণতন্ত্রই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, সরকারের উচিত এসব ঘটনা এখনই নিয়ন্ত্রণে এনে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া। শুধু বক্তৃতা-বিবৃতি দিয়ে এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ভবিষ্যতে সরকারি দলের নাম ব্যবহার করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ যাতে কোনো ধরনের অপরাধে জড়াতে না পারে, সে ধরনের একটি পরিস্থিতি নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী এ এস এম নাসির উদ্দিন এলান যুগান্তরকে বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিষয়টি সামনে আসছে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এলে এ ধরনের সহিংসতা অনেকটাই কমে আসবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন আবারও গণভোটের ভাবনা

আবারও গণভোটের ভাবনা

দুদিনে চার ঘটনায় দেশজুড়ে নিন্দা নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

সালমানের স্টুডিওতে হামলা ভাঙচুর গুলি লুটপাট

সালমানের স্টুডিওতে হামলা ভাঙচুর গুলি লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম