Logo
Logo
×

শেষ পাতা

ইরানে বর্বরোচিত হামলা

ঢাকায় বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় বিভিন্ন সংগঠনের নিন্দা প্রতিবাদ বিক্ষোভ

ইরানে হামলা ও আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ। রোববার রাজধানীর পল্টন এলাকায় -যুগান্তর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ হয়েছে। রোববার মিছিল-সমাবেশ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সমাবেশে বলা হয়, পবিত্র রমজান মাসে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এ হামলার মধ্যদিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। অনেক সংগঠন বিবৃতি দিয়ে এ ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, যারা ইসলামের উত্থান সহ্য করতে পারেন না, তারা ইসরাইলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবার এবং সেদেশের সর্বোচ্চ নেতাদের টার্গেট করে হত্যা করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক নীতির সম্পূর্ণ পরিপন্থি। জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করলে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অবিলম্বে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ইরানে হামলায় বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াতে পারে। ছোট-বড় সব রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন সমানভাবে প্রযোজ্য করার আহ্বান জানান তিনি। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. রেজাউল করিম প্রমুখ। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিজয়নগর ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সাম্রাজ্যবাদ ও জায়নবাদী শক্তির বিরুদ্ধে অকুতোভয় ও আপসহীন কণ্ঠস্বর। তারা বলেন, শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা বিশ্বকে এক অনিবার্য মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই।

খেলাফত মজলিস : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে খেলাফত মজলিস। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এ হামলার মধ্যদিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলাকালে হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে।

খেলাফত মজলিসের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল। সমাবেশ শেষে উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

চরমোনাই পীর : চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রোববার এক বিবৃতিতে তিনি এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, মার্কিন-ইসরাইলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাইকে স্পর্শ করবে। এ সংঘাত বন্ধ করতে হবে। শোকাহত ইরানিদের প্রতি তিনি সমবেদনা ও সহমর্মিতা জানান।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট : জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ঢাকা মহানগর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বলা হয়, পবিত্র রমজান মাসে ইরানের ওপর হামলা বিশ্ব মুসলিম উম্মাহর ওপর চরম আঘাত। এ ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আরব বিশ্বের নেতাদের প্রতিও দাবি জানানো হয়। সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন এমএম জিলানী। বক্তব্য দেন গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, অ্যাডভোকেট ইকবাল হাসান, মোহাম্মদ আবদুল হাকিম প্রমুখ। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

জবিতে খামেনির গায়েবানা জানাজা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জবির কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহ উদ্দিন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাসহ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে খামেনির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম