তা’মীরুল মিল্লাতের সামনে ফুটওভার ব্রিজ চাই
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকে। দীর্ঘদিন ধরে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি থাকলেও অদ্যাবধি তা উপেক্ষিত। সম্প্রতি নবম শ্রেণির ইয়াসিন কাভার্ড ভ্যানের চাপায় নিহত হওয়ায় আবার দাবিটা জোরালো হচ্ছে। এছাড়া ২০১৬ সালে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব, ২০২৩ সালে একজন গার্মেন্টকর্মী নিহত হওয়ার পাশাপাশি অসংখ্য পথচারী আহত হয়েছেন।
তা’মীরুল মিল্লাতকে কেন্দ্র করে এ স্থানে অসংখ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস গড়ে উঠেছে। গাজীপুর ও তার আশপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। ১৫ হাজারের বেশি শিক্ষার্থীর নিরাপত্তার জন্য কি একটি ফুটওভার ব্রিজ আবশ্যক নয়? আবারও কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? তাই দ্রুততম সময়ের মধ্যে একটি ফুটওভার ব্রিজ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আজহারুল ইসলাম পিয়াস
সাবেক শিক্ষার্থী, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী
