Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কী, কাদের জন্য ফি বাড়ালেন ট্রাম্প

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কী, কাদের জন্য ফি বাড়ালেন ট্রাম্প

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন এক নির্বাহী আদেশে দক্ষ বিদেশি কর্মীদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামের আবেদন ফি বেড়ে দাঁড়ালো এক লাখ ডলার। এ অর্থ জমা না দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত থাকবে বলে জানানো হয়েছে।  

আদেশে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এই ভিসা কর্মসূচির অপব্যবহার হচ্ছে এবং তা মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে প্রভাব ফেলছে। তবে ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তারা বলছেন, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রকে বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণে সহায়তা করছে।

একইসঙ্গে ট্রাম্প নতুন ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করেছেন, যেখানে নির্দিষ্ট অভিবাসীরা ১০ লাখ পাউন্ড থেকে শুরু হওয়া ফির বিনিময়ে দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শুক্রবার ওভাল অফিসে ট্রাম্পের পাশে থেকে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ‘এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে। বড় বড় কোম্পানি এ বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমাদের উচিত নিজেদের তরুণদের প্রশিক্ষণ দেওয়া।’ 

২০০৪ সাল থেকে প্রতি বছর সর্বোচ্চ ৮৫ হাজার এইচ-১বি ভিসা প্রদান করা হচ্ছে। এতদিন পর্যন্ত এ ভিসার প্রশাসনিক ফি ছিল গড়ে দেড় হাজার ডলার।

ইউএসসিআইএস-এর তথ্য অনুযায়ী, আসন্ন অর্থবছরে এইচ-১বি ভিসার আবেদন সংখ্যা নেমে এসেছে ৩ লাখ ৫৯ হাজারে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর সবচেয়ে বেশি ভিসা পেয়েছে অ্যামাজন, এর পরের অবস্থানে টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগল।

এইচ-১বি ভিসা কী?

এইচ-১বি এক ধরনের অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থাগুলোর হয়ে কাজ করতে পারেন। প্রাথমিকভাবে এইচ-১বি ভিসার মেয়াদ থাকে তিন বছর। সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। 

এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে এইচ-১বি ভিসার মেয়াদ ইচ্ছামতো বৃদ্ধি করা যায়। 


ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্তের ফলে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ কিছুটা জটিল হলো, বিশেষ করে এইচ-১বি ভিসায় যে ফি আরোপ করা হয়েছে তা অনেকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন।

প্রতি বছরই কি ফি দিতে হবে?

প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট বলেন, এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন ফি, যা শুধুমাত্র নতুন যারা এইচ-১বি ভিসার আবেদন করছেন, তাদের উপরে কার্যকর হবে। এইচ-১বি ভিসা যাদের রয়েছে, তারা বাকিদের মতোই দেশের বাইরে যেতে পারবেন এবং ভেতরে আসতে পারবেন। 

এটা শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, ভিসা নবায়ন বা বর্তমানে যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের ওপর প্রযোজ্য হবে না। পরবর্তী লটারি সাইকেলে যারা নতুন আবেদন করবেন, তাদের ওপরই প্রযোজ্য হবে।

ট্রাম্প ‘অ-অভিবাসী কর্মীর প্রবেশের ওপর বিধিনিষেধ’ সই করার পরই জল্পনা শুরু হয়েছিল যে এইচ-১বি ভিসা যাদের রয়েছে, তারা আমেরিকা থেকে একবার বের হলে, আবার প্রবেশের জন্য ১ লাখ মার্কিন ডলার দিতে হবে। ফলে অনেকের চাকরি নিয়ে সংশয় দেখা দেয়।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভিসা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম