Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্রিপ্টোকারেন্সির নিয়ম নির্ধারণে যুক্তরাষ্ট্রে বিল পাশের প্রস্তাব

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

ক্রিপ্টোকারেন্সির নিয়ম নির্ধারণে যুক্তরাষ্ট্রে বিল পাশের প্রস্তাব

বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে দ্রুত আইন পাশের আহ্বান।

Advertisement

বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে দ্রুত আইন পাশের আহ্বান জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে বিলম্ব হলে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক আর্থিক নেতৃত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত নিবন্ধে বেসেন্ট উল্লেখ করেন, দীর্ঘদিন আলোচনা চললেও প্রস্তাবিত আইনটি এখনো সিনেটে আটকে আছে। তার ভাষায়, দ্রুত পদক্ষেপ না নিলে ক্রিপ্টো শিল্পের নেতৃত্ব বিদেশে সরে যেতে পারে।

‘ক্ল্যারিটি অ্যাক্ট’ নামে পরিচিত বিলটি গত বছরের জুলাইয়ে প্রতিনিধি পরিষদে পাশ হয়। এতে ডিজিটাল সম্পদকে সিকিউরিটি না পণ্য—কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে এবং কোন নিয়ন্ত্রক সংস্থা তা তদারকি করবে—সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সিনেট এখনও বিলটি নিয়ে অগ্রসর হয়নি; বরং নিজস্ব একটি কাঠামো তৈরির চেষ্টা করছে।

বেসেন্ট বলেন, ডেভেলপার ও উদ্যোক্তাদের দেশে ফিরিয়ে আনতে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য আইনি কাঠামো জরুরি। তার মতে, ‘জিনিয়াস অ্যাক্ট’ ইতোমধ্যে কিছু অগ্রগতি দেখিয়েছে, আর ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ হবে তার পরবর্তী ধাপ।   

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ‘জিনিয়াস অ্যাক্ট’-এ স্বাক্ষর করেন। এ আইনের মাধ্যমে স্টেবলকয়েন—অর্থাৎ মার্কিন ডলারের মতো স্থিতিশীল সম্পদের সঙ্গে যুক্ত ডিজিটাল টোকেন—নিয়ন্ত্রণে একটি কাঠামো তৈরি করা হয়।

বেসেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই জোর করে নয়, বরং বৈশ্বিক মানদণ্ড নির্ধারণের মাধ্যমে আর্থিক ব্যবস্থার নেতৃত্বে এসেছে। তাই প্রযুক্তিগত পরিবর্তনের এই সময়ে পিছিয়ে পড়া চলবে না।

বিশেষজ্ঞদের মতে, ‘মার্কেট স্ট্রাকচার’ আইন হিসেবে পরিচিত এই বিলটি স্টেবলকয়েন সংক্রান্ত আইনের তুলনায় অনেক বেশি জটিল। যদিও শুরুতে আশা করা হয়েছিল, বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হওয়ার আগেই এটি পাস হতে পারে, তবে এখনো সে লক্ষ্যে অগ্রগতি ধীর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম