Logo
Logo
×

আন্তর্জাতিক

মেরীর মূর্তি অবমাননায় যে শাস্তি পেল দুই ইসরাইলি সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১১ পিএম

মেরীর মূর্তি অবমাননায় যে শাস্তি পেল দুই ইসরাইলি সেনা

ভাইরাল হওয়া সেই ছবি। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে কুমারী মেরীর মূর্তিকে অবমাননা এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই সেনাসদস্যকে কারাদণ্ড দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। 

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, একজন সেনা সদস্য পবিত্র মূর্তির মুখে সিগারেট ধরে আছেন। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই ধৃষ্টতার দায়ে মূল অভিযুক্ত সেনাকে ২১ দিনের এবং ছবি তুলে দেওয়া অন্য সেনাকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইডিএফ-এর পক্ষ থেকে এই ঘটনাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী সকল ধর্ম ও সম্প্রদায়ের উপাসনালয়, পবিত্র স্থান এবং ধর্মীয় প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

সামরিক বাহিনীর তথ্যমতে, ঘটনাটি কয়েক সপ্তাহ আগে দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ডেবেল গ্রামে ঘটেছে, যা বর্তমানে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, ওই একই গ্রামে গত কয়েক সপ্তাহে ইসরাইলি সেনাদের দ্বারা ধর্মীয় অবমাননার এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত এপ্রিল মাসে যিশু খ্রিস্টের একটি মূর্তির ক্ষতি করার দায়ে দুই সেনাকে কারাদণ্ড এবং ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 

এছাড়া ডেবেল গ্রামের সোলার প্যানেল এবং যানবাহন ভাঙচুরের একটি ভিডিও সামনে আসার পর সে বিষয়েও তদন্ত শুরু করেছে আইডিএফ। একের পর এক এসব ঘটনা দক্ষিণ লেবাননের ধর্মীয় সংবেদনশীল এলাকায় ইসরাইলি বাহিনীর আচরণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সূত্র: সিএনএন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম