Logo
Logo
×
   

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

আগামী ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের দুই বছরপূর্তি উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।  বুধবার (১৫ জুলাই) দলের সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এ ঘোষণা দেন।  খবর জিও নিউজের 

গওহর আলী খান বলেন, বৈঠকে জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  সেখানে ৫ আগস্ট সারা দেশে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দলের সংসদীয় সদস্যরা সর্বসম্মতিক্রমে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারাবন্দিত্বের নিন্দা জানিয়েছেন।  তাদের মতে, ইমরান খানের কারাবাস অন্যায়।

ব্যারিস্টার গওহর জানান, দলটি বিভিন্ন বিষয়ে আদালতের শরণাপন্ন হলেও এখনো অনেক মামলার রায় বা সিদ্ধান্ত আসেনি। তিনি জানান, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ও বিরোধী জোট যৌথভাবে ঘোষণা দেবে।

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের বিক্ষোভ আগের কর্মসূচিগুলোর তুলনায় ভিন্ন ধরনের হবে।’


২০২৩ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ার পর ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।  পিটিআই দাবি করে, তার বিরুদ্ধে আনা দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন মামলার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও কিছু মামলায় সাজা স্থগিত বা বাতিল হয়েছে, তবে বেশ কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন।  আর ইমরান খানও সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে, গত ১২ জুলাই খাইবার পাখতুনখোয়ার লোয়ার দিরে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্যে ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান। তিনি কর্মীদের সংগঠিত থাকার এবং দলের নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি দলীয় আইনপ্রণেতাদেরও সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে চাপ দেওয়ার আহ্বান জানান।


এদিকে ইমরান খানের পরিবার ও পিটিআই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কারাগারে তার স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।

সম্প্রতি নিয়মিত চোখের চিকিৎসার অংশ হিসেবে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চোখে পঞ্চমবারের মতো বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামে একটি গুরুতর চোখের সমস্যায় ভুগছেন।  এই রোগে রেটিনা থেকে রক্ত বহনকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায় এবং এটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও হৃদ্‌রোগের মতো ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .