যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূতকে সরালেন জেলেনস্কি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম
ওলহা স্টেফানিশিনা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সরকারি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। খবর রয়টার্সের
প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন স্টেফানিশিনা। কয়েক সপ্তাহ ধরেই তার পদ ছাড়ার বিষয়টি আলোচনায় ছিল।
তার বিদায় এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন চলছে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক ও রাষ্ট্রদূত পর্যায়েও পরিবর্তনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্টেফানিশিনা ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, পদ ছাড়ার সিদ্ধান্তটি তার নিজের এবং ব্যক্তিগত পরিস্থিতির কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে তিনি গুরুত্বপূর্ণ অনেক কাজ সম্পন্ন করেছেন।
তিনি লেখেন, ‘ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি যখন ইউক্রেনের পক্ষে ছিল না, তখনও আমরা মার্কিন অস্ত্র সরবরাহ বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছি।’
ইউক্রেনের সরকারি সম্প্রচারমাধ্যম সাসপিলনে জানিয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টেফানিশিনা বলেছিলেন, জেলেনস্কি তাকে পদত্যাগ করতে বলেননি।
তিনি আরও জানান, তার পদ ছাড়ার বিষয়ে গণমাধ্যমে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব তিনি পরে দেবেন।
ইউক্রেনের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, গত মাসেই স্টেফানিশিনা প্রেসিডেন্টকে নিজের পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার সম্পদ ঘোষণায় অনিয়মের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল।


