Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সি এক নারী নিহত।

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সি এক নারী নিহত হওয়ার ঘটনায় অন্ধ্রপ্রদেশের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। খবর এনডিটিভির।

নিহতের নাম ভারতী মুখি। তিনি শহরের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছেই রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি ভারতীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তদন্তে গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ জনসেনা পার্টির এমপি এবং দলটির প্রধান অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

দুর্ঘটনায় ভারতীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনার পর তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

পুলিশের তথ্যমতে, ঘটনার দিন ভারতী ও তার সহকর্মী পূজা অশোক দুপুরের খাবার খেতে কাছের আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার পথে ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

পরে পূজা বিষয়টি দোকানের ম্যানেজার অশ্বিন কুমারকে জানান। তার মাধ্যমেই পুলিশকে খবর দেওয়া হয়।

মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানান, অভিযুক্ত সঞ্জুশকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, সেটি জামিনযোগ্য। পাশাপাশি ওই ধারায় সর্বোচ্চ সাজা সাত বছরের কম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়নি।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এ ধারায় বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডের কারণে কারও মৃত্যু হলে, যা অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে না, সেই ধরনের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .