Logo
Logo
×
   

আন্তর্জাতিক

যে কোনো হামলার জবাব বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

যে কোনো হামলার জবাব বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ছবি: সংগৃহীত

ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত ‘প্রতিরক্ষামূলক’ ছিল। এখন তা ধীরে ধীরে ‘আক্রমণাত্মক’ অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। 

তিনি বলেন, ‘আমাদের ওপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।’

আকরামিনিয়া জানান, আগের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা মেরামত করা হয়েছে এবং নতুন কিছু সামরিক সরঞ্জামও বাহিনীতে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘শত্রু  আবার কোনো ভুল হিসাব করলে আগের চেয়েও ভয়াবহ জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও জানান, সামরিক বাহিনীর নেতৃত্ব কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তনের লক্ষ্য হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আরও দ্রুত সামরিক প্রতিক্রিয়া জানানো। 

আকরামিনিয়ার ভাষায়, ‘যুদ্ধবিরতি ও সাময়িক নীরবতার সময়ও ইরান কোনো মুহূর্ত নষ্ট করেনি, কারণ আমরা শত্রুকে মোটেও বিশ্বাস করি না।’

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন, যুদ্ধের পর হরমুজ প্রণালি ইরানের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রভাব অর্জন করেছে।

একই সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতাকে তিনি মধ্যপ্রাচ্যে ‘যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .