Logo
Logo
×
   

আন্তর্জাতিক

সিরিয়ায় আসাদপন্থি সাবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম

সিরিয়ায় আসাদপন্থি সাবেক গ্র্যান্ড মুফতির যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়ার সাবেক গ্র্যান্ড মুফতি আহমদ বদরুদ্দিন হাসুন। ছবি: সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধে সহিংসতায় উসকানি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার দায়ে দেশটির সাবেক প্রধান ধর্মীয় নেতা (গ্র্যান্ড মুফতি) আহমদ বদরুদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করেন।

২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির গ্র্যান্ড মুফতি পদে দায়িত্ব পালন করা হাসুনকে গত বছরের মার্চ মাসে দামেস্ক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার বিচারিক প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের জুন মাসে। 

বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান রায়ে উল্লেখ করেন, হাসুন এবং তার অধীনস্থ সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানটিকে আসাদ সরকারের সামরিক অভিযানের ধর্মীয় অজুহাত তৈরিতে ব্যবহার করা হয়েছিল। এমনকি সাধারণ মানুষের ওপর প্রাণঘাতী ব্যারেল বোমা হামলা চালানো, ইদলিববাসীদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ এবং পূর্ব আলেপ্পো থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে সামরিক বাহিনীকে উসকানি দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।

আদালত হাসুনকে হত্যার উসকানিতে ২০ বছর এবং সহিংসতা দীর্ঘায়িত করার দায়ে আরও ১০ বছরের কারাদণ্ডসহ ক্ষতিপূরণের নির্দেশ দেন। অপরাধের ভয়াবহতার কারণে তিনি কোনো ধরনের সাধারণ বা বিশেষ রাষ্ট্রীয় ক্ষমা পাবেন না। এদিকে তার স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার অধীনে আসাদ পরিবারের বাইরে কোনো শীর্ষস্থানীয় সুন্নি ধর্মীয় ব্যক্তিত্বের সাজা হওয়ার এটিই প্রথম ঘটনা।

সূত্র: আল-জাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম