Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

ছবি: সংগৃহীত

Advertisement

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রী পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

বিহার লোকসেবা কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের চাকরিপ্রার্থীসহ বিপুলসংখ্যক ছাত্রছাত্রী এদিন পাটনার গান্ধী ময়দান থেকে পূর্বঘোষিত মিছিল শুরু করেন। মিছিলটি ডাকবাংলো মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। বেশ কয়েকজনকে আটকও করা হয়। আন্দোলনকারীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। ডাকবাংলো মোড়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান চালায়।

শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ের পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে পাটনার গর্দানিবাগ এলাকায় আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ে একস্তরের পরীক্ষা গ্রহণ, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা এবং বিহার কর্মী নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা। এ ছাড়া হিন্দি মাধ্যমে পড়াশোনা করা চাকরিপ্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। 

তাদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নানা অনিয়ম ও অস্পষ্টতার কারণে বহু পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিহার লোকসেবা কমিশনের ৭০তম পরীক্ষায় অনিয়মের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, ওই পরীক্ষায় যে অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং প্রয়োজনে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে।

আন্দোলনকারীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হবেন। তাই তাদের দাবিগুলো নিয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এদিনের কর্মসূচি নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল এগিয়ে যাওয়ার পথে পুলিশের বাধা এবং পরে জলকামান ব্যবহারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে পাটনায় দিনভর চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম