Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় পাবে যুক্তরাষ্ট্রের শিশুরা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় পাবে যুক্তরাষ্ট্রের শিশুরা

কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন বিধিনিষেধ আরোপ এবং মামলা নিষ্পত্তির অংশ হিসেবে আগামী ১০ বছরে ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করবে মেটা প্লাটফর্মস। যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যের সঙ্গে করা চুক্তির আওতায় এ অর্থ দিতে হবে এই টেক জায়ান্টকে।

আগামী ১০ বছর সর্বোচ্চ দুই ঘণ্টা ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্রের শিশুরা। 

বুধবার ঘোষিত এই সমঝোতার মাধ্যমে শিশুদের জন্য ক্ষতিকর ও আসক্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির অভিযোগে মেটার বিরুদ্ধে করা একটি বড় ফেডারেল মামলার নিষ্পত্তি হলো। তবে মেটা কোনো অন্যায় স্বীকার করেনি।

চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছর  কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সর্বোচ্চ দুই ঘণ্টা সময়সীমা থাকবে। অভিভাবকদের অনুমতি ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ থাকবে। স্কুল চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৩টা বেশিরভাগ পুশ নোটিফিকেশনও বন্ধ রাখবে মেটা।

এ ছাড়া বয়সসীমা থাকা কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের মোট ৪৭ টি অঙ্গরাজ্য মেটার এই চুক্তির আওতায় থাকবে। এই অর্থের একটি অংশ শিশুদের মানসিক স্বাস্থ্য সেবায় করার পরিকল্পনা রয়েছে কয়েকটি অঙ্গরাজ্যের।

তবে চুক্তিতে মেটাকে ব্যক্তিগত কনটেন্ট বা টার্গেড বিজ্ঞাপন বন্ধ করতে বলা হয়নি। ফলে সমালোচকদের মতে, শিশুদের অনলাইন নিরাপত্তায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন।

মামলাটির অভিযোগ ছিল, মেটা জেনেশুনে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলছে এবং এর ক্ষতিকর প্রভাব সর্ম্পকে মানুষকে বিভ্রান্ত করেছে। বিভিন্ন রাজ্য, স্কুল ও ব্যক্তির করা এমন অসংখ্য মামলা আদালতে রয়েছে।

মেটা এক বিবৃতিতে জানিয়েছে, প্লাটফর্মে কিশোরদের জন্য নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও কিশোর-উভয়ের জন্যই নিরাপদ পরিবেশ তৈরিতে তারা কাজ করতে চায়।

এ ছাড়া ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি সংক্রান্ত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তিতেও মেটাকে ৪৫৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

সূত্র: সামা টিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম