Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেউতায় অভিবাসীদের আশ্রয়স্থলে আগুন, ত্রাণ আটকে দেওয়ার চেষ্টা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:০৯ এএম

সেউতায় অভিবাসীদের আশ্রয়স্থলে আগুন, ত্রাণ আটকে দেওয়ার চেষ্টা

পুলিশ দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

Advertisement

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ঘিরে উত্তেজনা সহিংসতায় রূপ নিয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভকারীরা অভিবাসীদের ব্যবহৃত অস্থায়ী আশ্রয়স্থলে আগুন ধরিয়ে দেন এবং তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। মরক্কো থেকে ব্যাপক অভিবাসী প্রবেশের প্রায় এক মাস পর এ ঘটনা ঘটল।

বৃহস্পতিবার স্পেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বেনিতেজ সমুদ্রসৈকতে অভিবাসীদের অস্থায়ী শিবিরে ঢুকে পড়েন। সেখানে তারা তাবু ও অভিবাসীদের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। 

কিছু জিনিস সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং কয়েকটি তাবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অভিবাসীরা পালিয়ে যান। পরে পুলিশ দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিক্ষোভকারীরা ট্রাম্পোলিন সৈকতে অবস্থান নেওয়া অভিবাসীদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া রেডক্রসের গাড়িও আটকে দেওয়ার চেষ্টা করেন। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, সড়ক অবরুদ্ধ থাকায় পুলিশের অনুরোধে ত্রাণবাহী গাড়িগুলো প্রথমে ওই এলাকায় প্রবেশের চেষ্টা থেকে সরে যায়। পরে এল পাইসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ একটি পথ পরিষ্কার করে দিলে কঠোর নিরাপত্তার মধ্যে প্রতিদিনের খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়।

গত কয়েক দিন ধরে সেউতায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছিল। গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি মানুষ সেউতায় প্রবেশের পর পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে এসব বিক্ষোভ শুরু হয়। তাদের বেশির ভাগই পরে মরক্কোয় ফিরে গেলেও এল পাইসের হিসাব অনুযায়ী, এখনো ৫ হাজার থেকে ৮ হাজার অভিবাসী সেউতায় অবস্থান করছেন। ভূখণ্ডটির মোট জনসংখ্যা প্রায় ৮০ হাজার।

সরকার জানিয়েছে, সেউতায় থাকা অভিবাসীদের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে প্রায় ৭০০ জন মেয়ে এবং অনেকের বয়স ১৩ বছরের নিচে বলে জানিয়েছেন যুবমন্ত্রী সিরা রেগো।

বুধবার রাতেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন ট্রাম্পোলিন সৈকতের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের অভিবাসীদের কাছে পৌঁছাতে বাধা দেয়। আরটিভিইর তথ্য অনুযায়ী, কয়েকজন বিক্ষোভকারী অভিবাসীদের গদি, কম্বল ও অন্যান্য জিনিসপত্র সমুদ্রে ফেলে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

ওই ঘটনার পর একদল অভিবাসী একটি গাড়িতে পাথর ছুড়লে চার সেনাসদস্য আহত হন। এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়।

সহিংসতার কয়েক ঘণ্টা আগে সেউতার পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা আঞ্চলিক নীতি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান। অভিবাসী হওয়ার কারণে কাউকে হামলার লক্ষ্যবস্তু না করারও সতর্কতা দেন তিনি।

সংসদে তোরেস জানান, অস্থায়ী অভিবাসী গ্রহণকেন্দ্রে আরও ৪০০টি জায়গা যোগ করা হয়েছে। ফলে কেন্দ্রটির ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৩ জনে। পাশাপাশি রাতে প্রাপ্তবয়স্কদের থাকার জন্য আরও দুটি স্থানে ১ হাজার ৮২৭ জনের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে সরকার আরও ১ হাজার ৫০০ জনের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার কথা জানিয়েছিল। তবে এসব উদ্যোগের পরও আশ্রয়, প্রত্যাবাসন বা অন্যান্য আইনি প্রক্রিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় অনেক অভিবাসী সৈকত ও শহরের বিভিন্ন স্থানে তৈরি অস্থায়ী শিবিরে রাত কাটাচ্ছেন।

সরকার বলছে, যেসব অভিবাসীর সেউতায় থাকার বৈধ অধিকার নেই, তাদের ফেরত পাঠানো অগ্রাধিকার। তবে মন্ত্রী তোরেস জানিয়েছেন, সবাইকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা সম্ভব নয়। কারণ প্রত্যেক ব্যক্তির পরিচয় ও পরিস্থিতি যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের কেউ আশ্রয় চাওয়ার আইনগত অধিকার রাখেন কি না, সেটিও বিবেচনা করতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

স্পেনে অতিবৃষ্টি-বন্যায় চারজনের মৃত্যু

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদন চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে?

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

দেশের শত্রুদের পরাজিত করতে হবে: মোদি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম