বিলাওয়াল ভুট্টোর বিয়ের গুঞ্জন, যা বলল পিপিপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতে তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কিছু সূত্রের দাবি, বিলাওয়ালের বিয়ের বিষয়ে আলোচনা করতে এবং সম্ভাব্য তারিখ ঠিক করতে তার বাবা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিজ দেশে গেছেন।
গুঞ্জন রয়েছে, চলতি বছরের শেষ দিকে বিলাওয়ালের বিয়ে হতে পারে। এমনকি কথিত বাগদত্তা ইউরোপের ছোট দেশ লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজের বাসিন্দা বলেও দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, লিশটেনস্টাইন পশ্চিম ইউরোপের একটি ছোট স্বাধীন রাষ্ট্র, যা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত। দেশটির রাজধানী ভাদুজ।
তবে এসব খবর পুরোপুরি নাকচ করেছে পিপিপি।
করাচির মেয়র এবং বিলাওয়ালের মুখপাত্র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বিলাওয়ালের বাগদান বা বিয়ে নিয়ে প্রকাশিত খবর ‘ভুল ও ভিত্তিহীন’।
বিলাওয়াল বা তার পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বাগদান বা বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি এখনো নিশ্চিত নয়।
বিয়ে নিয়ে আগে কী বলেছিলেন বিলাওয়াল?
বিলাওয়াল এর আগে বিভিন্ন সময়ে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন। তবে সম্ভাব্য জীবনসঙ্গী বা বিয়ের তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সময় এক সাংবাদিক তাকে বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। সে সময় হাসতে হাসতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেছিলেন, ‘অবশ্যই, আমার বিয়ের পরিকল্পনা আছে। ‘ তবে কবে বিয়ে করবেন, তা জানাননি।
এরও আগে, ২০১৬ সালে বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বিলাওয়াল বলেছিলেন, তার ভবিষ্যৎ স্ত্রীকে আগে তার বোনদের মন জয় করতে হবে।
তিনি মজা করে বলেছিলেন, সঠিক পাত্রীকে প্রথমে তার বোনদের মন জয় করতে হবে এবং বোনদের সম্মতি নেওয়াটা সহজ কাজ নয়।


