Logo
Logo
×
   

আন্তর্জাতিক

শিলিগুড়ি করিডরে ৪ লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

শিলিগুড়ি করিডরে ৪ লেনের মহাসড়ক বানাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ হলো ‘শিলিগুড়ি করিডর’, যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত। 

নেপাল ও বাংলাদেশের সীমানাঘেঁষা এবং চীন ও ভুটান সীমান্তের কাছের এই সরু ভূখণ্ডটি ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। এই অঞ্চলের প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা আরও শক্তপোক্ত করতে এবার প্রায় ২,০৭৭ কোটি টাকার বিশাল প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। এই টাকায় নির্মিত হবে ৩১ কিলোমিটার দীর্ঘ একটি নতুন চার লেনের মহাসড়ক, যা বর্তমান প্রধান মহাসড়কের (এনএইচ-২৭) সমান্তরালে বিহারের গলগলিয়া থেকে বাগডোগরা পর্যন্ত যাবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি এই অনুমোদনের খবর প্রকাশ করেছেন। নতুন এই রাস্তাটি তৈরি হলে বাগডোগরা বিমানবন্দরসহ মূল কেন্দ্রগুলোর যাতায়াত অনেক সহজ হবে। 

পাশাপাশি নকশালবাড়ি ও খড়িবাড়ির মতো ব্যস্ত এলাকাগুলোর ওপর থেকে গাড়ির চাপ কমবে। এলাকার কৃষক ও চা বাগানের মালিকেরা তাদের উৎপাদিত পণ্য সহজে ও দ্রুত বড় বড় বাজারে পাঠাতে পারবেন, যা উত্তরবঙ্গের অর্থনীতিতেও নতুন গতি আনবে।

শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, বন্যপ্রাণীদের সুরক্ষাতেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। নতুন রাস্তাটির বড় অংশ বন এলাকার মধ্য দিয়ে যাওয়ার কারণে সেখানে নিয়মিত হাতির দল পারাপার করে। দ্রতগামী গাড়ির ধাক্কায় হাতির দুর্ঘটনা এড়াতে রাস্তার নিচে ৫টি বিশেষ ‘এলিফ্যান্ট আন্ডারপাস’ বা হাতি পারাপারের পথ তৈরি করা হবে। এর সঙ্গে ৩টি বড় সেতু ও ফুটওভার ব্রিজও তৈরি করা হবে।

সম্প্রতি বেশ কিছু ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর এই সীমান্ত এলাকা নিরাপদ রাখা নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে ভারত। কেবল সড়ক নয়, এর পাশাপাশি ওই অঞ্চলে ভূগর্ভস্থ রেলপথ ও নতুন রেললাইনের কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। 

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আপদকালীন পরিস্থিতিতে যাতে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল দেশের যোগাযোগ কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়ে যায়, সেই দূরদর্শী চিন্তাভাবনা থেকেই কেন্দ্রীয় সরকার এই বিকল্প রুট তৈরি করছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম