Logo
Logo
×
   

আন্তর্জাতিক

বিশ্বের মানচিত্র বদলের প্রস্তাবে ভারতের সায়, জম্মু-কাশ্মীর নিয়ে কঠোর বার্তা

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

বিশ্বের মানচিত্র বদলের প্রস্তাবে ভারতের সায়, জম্মু-কাশ্মীর নিয়ে কঠোর বার্তা

ছবি: সংগৃহীত

বিশ্বের মানচিত্রে দীর্ঘদিনের বিকৃতি কমানোর উদ্যোগে সমর্থন জানাল ভারত। তবে সেই সমর্থনের সঙ্গে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে দেখাতে হবে বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার জাতিসংঘের সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে তুলে ধরার লক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। টোগোর উদ্যোগে আনা ‘মানচিত্র সংশোধন’ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৬৪টি দেশ। বিপক্ষে ভোট দেয় শুধু যুক্তরাষ্ট্র। ছয়টি দেশ ভোটদানে বিরত ছিল। 

মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত মার্কেটর মানচিত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আয়তন সঠিকভাবে প্রতিফলিত হয় না। বিশেষ করে বিষুবরেখা থেকে দূরের অঞ্চলগুলো বাস্তবের তুলনায় অনেক বড় দেখায়। অন্যদিকে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মতো বিষুবীয় অঞ্চলের আয়তন তুলনামূলকভাবে ছোট দেখায়। নতুন উদ্যোগে সমক্ষেত্রফল ভিত্তিক মানচিত্র ব্যবহারের বিষয়টি উৎসাহিত করা হয়েছে। 

তবে ভারতের অবস্থান কিছুটা আলাদা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, ভারত প্রস্তাবটির মূল উদ্দেশ্যকে সমর্থন করেছে। কিন্তু এর অর্থ কোনও নির্দিষ্ট মানচিত্র বা নির্দিষ্ট মানচিত্র প্রক্ষেপণকে অনুমোদন করা নয়।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতিসংঘের প্রস্তাবকে এমনভাবে দেখা উচিত নয় যে কোনও নির্দিষ্ট দেশের সীমানা বা ভূখণ্ডের চিত্রায়নও এর মাধ্যমে অনুমোদিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের সার্বভৌম ভূখণ্ড। তাই আন্তর্জাতিক মানচিত্রে এই দুই অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুসারেই দেখাতে হবে। 

নয়াদিল্লির বক্তব্য, মানচিত্র তৈরির পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগকে ভারত স্বাগত জানালেও দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রশ্নে তাদের অবস্থান অপরিবর্তিত।বিশ্বের মানচিত্র নিয়ে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ১৫৬৯ সালে তৈরি মার্কেটর প্রক্ষেপণ। নৌপথ নির্ধারণের ক্ষেত্রে এটি কার্যকর হলেও পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডের প্রকৃত আয়তন বোঝাতে এতে বড় ধরনের বিকৃতি তৈরি হয়। নতুন সমক্ষেত্রফল ভিত্তিক প্রক্ষেপণ সেই বিকৃতি কমানোর লক্ষ্যেই সামনে এসেছে। ফলে জাতিসংঘের মানচিত্র সংস্কারের উদ্যোগে ভারতের সমর্থন মিললেও জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সরকারি মানচিত্র নিয়ে কোনও আপসের বার্তা দেয়নি নয়াদিল্লি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম