মিশরে নারী টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
মৃত্যুদণ্ড প্রাপ্ত সারাহ খলিফা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মিশরে এক নারী টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মাদক মামলায় দোষী সাব্যস্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসামিরা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রি করতেন। এবং তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও পাওয়া গেছে বলে জানিয়েছেন আদালত।
রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার আল-ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সি সারাহ খলিফা নামে ওই টিভি উপস্থাপক অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’-এর জন্য মিশরে সুপরিচিত। গত বছরের সেপ্টেম্বরে আদালতে জিজ্ঞাসাবাদের সময় সারাহ খলিফা দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো কোনো মাদক দেখেননি।
অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মিশরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
এদিকে বিবিসি জানিয়েছে, সারাহ খলিফা নামে ওই টিভি উপস্থাপক অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ এর জন্য মিশরে বিশেষভাবে পরিচিত। তার বিরুদ্ধে মামলায় আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম লিখেছে, মামলার শুনানিতে আদালতকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে।
মিশরে গ্র্যান্ড মুফতির কাছ থেকে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শুরু হলে রায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মাসে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। মামলায় ২০ সাক্ষী প্রসিকিউশনের কাছে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
সূত্র: বিবিসি

