মেয়ের জন্য এক ছাদের নিচে কিম কার্দাশিয়ান-কানিয়ে ওয়েস্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মেয়ে নর্থ ওয়েস্টের জীবনের বড় এক মুহূর্ত উদযাপনে দীর্ঘদিন পর একই ছাদের নিচে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন তারকা দম্পতি কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট।
১৩ বছর বয়সি নর্থের ক্যারিয়ারের প্রথম একক কনসার্ট উপভোগ করতে শিকাগোর ভিক থিয়েটারে উপস্থিত ছিলেন। তবে একই ভেন্যুতে থাকলেও কিম ও কানিয়ে দর্শকদের সারিতে বসেছিলেন একে অপরের সম্পূর্ণ বিপরীত প্রান্তে।
মেয়েকে উৎসাহ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের একাধিক ভিডিও শেয়ার করে কিম তার অনুভূতি প্রকাশ করেন। কনসার্টের আগে শিকাগোতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের আউটলেটেও ঢুঁ মারেন তিনি। অন্যদিকে কানিয়ে ওয়েস্টও আগের দুই রাতে একই শহরে কনসার্ট শেষ করে মেয়ের অনুষ্ঠান উপভোগ করতে আসেন।
গত আগস্টে পপ তারকা মলি সান্তানার সঙ্গে যৌথ সফর বাতিল হওয়ার পর নর্থের জন্য এই একক কনসার্টটি ছিল ঘুরে দাঁড়ানোর এক বিশেষ সুযোগ। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ‘ডেজড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নর্থ নিজের স্বপ্নের কথা জানিয়ে বলেছিলেন, সংগীত শুধু তার শখ নয়, এটিকেই তিনি পেশা হিসেবে বেছে নিতে চান। কিম ও কানিয়ের বিচ্ছেদের পর নিজেদের দূরত্ব বজায় রেখেও মেয়ের এই গুরুত্বপূর্ণ পদার্পণে উপস্থিত থাকার ঘটনা নজর কেড়েছে অনুরাগী ও বিনোদন জগতের।
দূরত্ব বজায় রাখলেও বাবা-মা উভয়ের উপস্থিতি নর্থের এই জীবনের প্রথম একক মঞ্চ পরিবেশনাকে দারুণ স্মৃতিময় করে তুলেছে।
সূত্র: জিও টিভি।

