Logo
Logo
×
   

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ছবি: সংগৃহীত

সম্পদের মূল্য কিছুটা কমে যাওয়ায় এবার ফোর্বস সাময়িকীর সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। 

২০১৮ সালে প্রথমবার এই তালিকায় জায়গা পাওয়ার পর থেকে প্রতি বছরই তিনি এতে ছিলেন। তবে দেশের তালিকায় নাম না থাকলেও বিশ্বের শতকোটিপতিদের তালিকায় এখনও তার নাম রয়েছে। 

ফোর্বসের হিসাব অনুযায়ী, গত দুই বছর (২০২৪ ও ২০২৫ সাল) আজিজ খানের সম্পদ ১১০ কোটি ডলারে এক জায়গায় স্থির ছিল। কিন্তু এবার তার সম্পদ ১০ কোটি ডলার কমে এক শ কোটিতে নেমে এসেছে। আর এই সামান্য কমার কারণেই তিনি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জনের তালিকা থেকে বাদ পড়েছেন। গত বছরও তিনি সিঙ্গাপুরের ৪৯ নম্বর ধনী ছিলেন।

সিঙ্গাপুরে বহু বছর ধরে থাকা আজিজ খান বর্তমানে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন। দেশটির আইনে একসঙ্গে দুটি দেশের নাগরিক থাকার সুযোগ নেই বলে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে হয়েছে। তবে বিদ্যুৎ, বন্দর, ইন্টারনেট ও আবাসন খাতে তার সামিট গ্রুপের মূল ব্যবসাগুলো সবই বাংলাদেশে রয়েছে।

এদিকে ২০২৬ সালের এই নতুন তালিকায় ৩ হাজার ২৯০ কোটি ডলারের বিপুল সম্পদ নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব ধরে রেখেছেন মেটার সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। ১৬১০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার দুই নম্বরে আছেন খেক লেং বেং ও তার পরিবার, আর ১৪৩০ কোটি ডলার নিয়ে তিন নম্বরে রয়েছেন রবার্ট ও ফিলিপ এনজি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম