‘গৃহযুদ্ধের আগেই অনেক সন্তান চাই’, মাস্কের দাবি প্রকাশ্যে আনলেন সাবেক প্রেমিকা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ইলন মাস্ককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন সাবেক প্রেমিকা অ্যাশলি সেন্ট।
|
ফলো করুন |
|
|---|---|
ইলন মাস্ককে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার সাবেক প্রেমিকা এবং এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার। প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা অ্যালেক্স গিবনির নতুন তথ্যচিত্র ‘মাস্ক’-এ তিনি দাবি করেন, একবার ক্ষুদে বার্তায় মাস্ক তাকে জানিয়েছিলেন যে সম্ভাব্য ‘গৃহযুদ্ধের’ আগেই তার একটি বড় সন্তান-দল প্রয়োজন। তবে তিনি কোন গৃহযুদ্ধের কথা বলেছিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।
ভেনিস চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেন্ট ক্লেয়ার মাস্কের মানসিকতা ও তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। পরবর্তীতে দুজনের সম্পর্কের অবসান ঘটে।
সেন্ট ক্লেয়ার আরও দাবি করেন, একটি গোপনীয়তা চুক্তি (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে মাস্কের প্রতিনিধিরা তাকে এককালীন ৪ কোটি ডলার এবং মাসিক ১ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি ওই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
ভেনিস উৎসবে বক্তব্য দিতে গিয়ে সেন্ট ক্লেয়ার অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করে মাস্ক এমন কিছু সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা উসকে দিচ্ছেন, যার বাস্তব ভিত্তি নেই। তার মতে, এসব বিষয় সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে সমাজে গভীর বিভাজন ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।
২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর থেকে, যা বর্তমানে এক্স নামে পরিচিত, মাস্ক নিয়মিতভাবে প্ল্যাটফর্মটিকে নিজের রাজনৈতিক অবস্থান ও মতামত প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন বলে সমালোচকদের অভিযোগ।
চার ঘণ্টাব্যাপী এই তথ্যচিত্র নির্মাণে তিন বছর সময় ব্যয় করেছেন অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি। তিনি মনে করেন, মানবসভ্যতার সম্ভাব্য ধ্বংস নিয়ে মাস্কের গভীর উদ্বেগের শিকড় হয়তো তার দক্ষিণ আফ্রিকায় কাটানো শৈশবের কঠিন ও মানসিকভাবে বিপর্যস্ত অভিজ্ঞতার সঙ্গে জড়িত।
গিবনির ভাষ্য, ইলন মাস্কের গল্পকে কেবল প্রযুক্তিগত উদ্ভাবনের কাহিনি হিসেবে দেখলে ভুল হবে। তার মতে, এটি অনেকাংশে শেয়ারের মূল্য বৃদ্ধি করে সম্পদ ও প্রভাব বিস্তারের পুরোনো কৌশলেরই আধুনিক সংস্করণ।

