Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে তোপের মুখে হেগসেথ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম

যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে তোপের মুখে হেগসেথ

পিট হেগসেথ। সংগৃহীত ছবি

Advertisement

৯/১১ হামলার বার্ষিকীতে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দেওয়া সেই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ৯/১১-এর বার্ষিকীতে বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘সন্ত্রাসীদের যেখানে থাকার কথা, সেখানে—নরকে’ পাঠাচ্ছে।

ইরানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ‘ট্যাংকারগুলোকে যেখানে থাকার কথা, সমুদ্রের তলদেশে’ পাঠাচ্ছে এবং ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করছে। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ প্রতিদিন আরও বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হেগসেথের এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ৯/১১-এর বার্ষিকীতে মার্কিন ‘যুদ্ধমন্ত্রী’ যে বয়ান তুলে ধরেছেন, তাতে মৌলিক অসঙ্গতি রয়েছে।

বাঘাইয়ের ভাষায়, ‘আপনি একই সঙ্গে আগ্রাসন চালাতে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটাতে এবং বেসামরিক মানুষের প্রাণহানি ঘটাতে পারেন না। আবার সন্ত্রাসবাদ কী এবং কার সহিংসতা বৈধ—তা নির্ধারণের একচ্ছত্র অধিকারও দাবি করতে পারেন না।’

বাঘাই আরও বলেন, ৯/১১ হামলার হামলাকারীরা ইরানি ছিল না। তার দাবি, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরাই ছিল সেই গোষ্ঠীর সদস্য, যাদের আগের কয়েক দশকে যুক্তরাষ্ট্র অস্ত্র, সংগঠন বা অন্য কোনোভাবে সহায়তা কিংবা লালন-পালন করেছিল।

ইরানি এই মুখপাত্রের অভিযোগ, ৯/১১-এর পর শুরু হওয়া তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ আফগানিস্তান ও ইরাকে দীর্ঘদিনের যুদ্ধ, দখলদারিত্ব, বেসামরিক মানুষের মৃত্যু এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

এই প্রেক্ষাপটে ৯/১১-এর বার্ষিকীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া ও অবৈধ যুদ্ধ’কে বৈধতা দেওয়ার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন বাঘাই।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম