ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত। ছবি: বিবিসি।
|
ফলো করুন |
|
|---|---|
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৮ বছর বয়সি এক তরুণীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। খবর বিবিসির।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুয়াঁ শহরের দক্ষিণে ক্লেওঁ কমিউনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই প্রায় ১৪০ জন দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যকে উদ্ধারকাজে মোতায়েন করা হয়।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত জানান, ট্রেনটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। এটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর কর্তৃপক্ষ ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ জরুরি পরিকল্পনা চালু করে।
দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, যাত্রীরা দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বের হয়ে আসছেন। ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটির তিনটি বগি উল্টে যায়।
এদিকে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল পরিচালনা সংস্থা এসএনসিএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ওই অঞ্চলের রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

