ডিপসিকের নতুন মডেল উন্মোচন
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিপসিক তাদের নতুন মডেল উন্মোচন করেছে। বৃহস্পতিবার তাদের নতুন মডেল v4.1 flash উন্মোচিত হয়। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের নতুন মডেল আর্কিটেকচার পরিবারের সবচেয়ে ছোট মডেল।
ডিপসিক জানিয়েছে, নতুন মডেলটি আরএক্স উন্নত সক্ষমতা, দ্রুত ইনফারেন্স, বেশি থ্রুপট এবং বড় মডেল স্কেল সুবিধা দেওয়ার জন্য তৈরি হয়েছে। অর্থ্যাৎ, ব্যবহাকারীর প্রশ্নের উত্তর আরও দ্রুত দেওয়ার পাশাপাশি বেশি সংখ্যক কাজ একসঙ্গে পরিচালনা করার সক্ষমতা বাড়ানো হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, এটি মুনশটের কিমি কে৩-এর মতো প্রধান প্ল্যাটফর্মগুলোকেও ছাড়িয়ে গেছে, অথচ প্রতিযোগীদের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। হংকংয়ে মিনিম্যাক্স এবং জেড এআইয়ের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকতে থাকা ই-কমার্স জায়ান্ট আলিবাবার শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমেছে।
অ্যানথ্রপিক এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই উভয় সংস্থাই যখন শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়েই চাইনিজ ওপেন-ওয়েট মডেল এবং তাদের মার্কিন প্রতিপক্ষদের মধ্যে তীব্র হতে থাকা মূল্য প্রতিযোগিতাকে সামনে নিয়ে এল ডিপসিকের সাম্প্রতিক এই পদক্ষেপ। চীনা সংস্থাটি এমন এক কৌশলে বাজি ধরছে যেখানে অত্যন্ত সাশ্রয়ী অথচ মানসম্মত মডেলগুলো শীর্ষস্থানীয় মডেলগুলোকে টেক্কা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাবে। উদ্ভাবনী সব কৌশলের মাধ্যমে প্রযুক্তি জগতে আলোড়ন সৃষ্টিকারী এবং হাংঝু ভিত্তিক এই ল্যাবটি জানিয়েছে যে, তাদের নতুন মডেলটি কম খরচে আরও দক্ষ আর্কিটেকচার বা গঠনকাঠামো প্রদান করে।
ডিপসিকের সাশ্রয়ী মূল্য কাঠামো ডেভেলপার, স্টার্টআপ এবং বড় প্রতিষ্ঠানগুলোর এআই এজেন্ট সংক্রান্ত বাজেট পরিকল্পনার ধরন বদলে দিচ্ছে। এই এজেন্টগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথে দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কার্য সম্পাদন করতে সক্ষম। বর্তমানে এই শিল্পের মনোযোগ এমন সব এআই এজেন্টের দিকে সরে এসেছে, যারা মানুষের সহায়তা ছাড়াই বা নামমাত্র হস্তক্ষেপে দীর্ঘ সময় ধরে কোড লিখতে, প্রয়োজনীয় টুল ব্যবহার করতে কিংবা তথ্যের সন্ধানে ওয়েব ব্রাউজ করতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এআই খাতের অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের এখন হয় মূল্যের দিক থেকে ডিপসিক ও এর চীনা প্রতিপক্ষদের পেছনে ফেলতে হবে, অথবা সক্ষমতার বিচারে তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতে হবে।
