শাহেদ-১৩৬ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসির দাবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসি কমান্ডারের। ছবি: তাসনিম নিউজ
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের তৈরি অত্যন্ত পরিচিত কামিকাজে ড্রোন ‘শাহেদ-১৩৬’-এর ডিজাইন ও প্রযুক্তির ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। গত শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জেনারেল মুসাভি জানান, দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা এবং সামরিক অভিজ্ঞতার সুবাদেই ইরানের ড্রোন প্রযুক্তি আজ এত দূর এগিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ড্রোন বহর বর্তমানে অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী একটি হাতিয়ারে রূপ নিয়েছে। ইরানের অস্ত্রাগারে বিভিন্ন ধরনের ‘শাহেদ’ সিরিজের ড্রোন রয়েছে, যার কিছু সরাসরি আক্রমণ বা স্ট্রাইক মিশনে এবং কিছু নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানের এই প্রযুক্তি অনুকরণ করতে বাধ্য হয়েছে দাবি করে তিনি বলেন, ওয়াশিংটন বাধ্য হয়ে শাহেদ-১৩৬ ড্রোনের আদলে ‘লুকাস’ ড্রোন তৈরি করে তাদের নিজস্ব অস্ত্রাগারে যুক্ত করেছে। এছাড়া নিজস্ব প্রযুক্তির সক্ষমতার প্রমাণ হিসেবে তিনি ‘অপারেশন ট্রু প্রমিজ ১’ অভিযানের কথা উল্লেখ করেন, যা পুরোপুরি আইআরজিসির নিজস্ব ড্রোন দিয়ে সফলভাবে পরিচালনা করা হয়েছিল।
সূত্র: তাসনিম নিউজ
