প্রতীক্ষার অবসান, রোডস্টার নিয়ে সুখবর দিল টেসলা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বহু প্রতীক্ষার পর অবশেষে পরবর্তী প্রজন্মের ‘রোডস্টার’ উন্মোচনের তারিখ ঘোষণা করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আগামী ১ অক্টোবর দ্বিতীয় প্রজন্মের এ বৈদ্যুতিক স্পোর্টস কারটি বিশ্বের সামনে আনা হতে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’(সাবেক টুইটার)-এ টেসলা ‘Go for launch’ বার্তা এবং ‘10.01’ লেখা একটি গ্রাফিক প্রকাশ করে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে ১ অক্টোবর নতুন ‘রোডস্টার’ উন্মোচনের ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রকাশিত গ্রাফিকসটিতে সম্ভাব্য ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তির ইঙ্গিতও পাওয়া গেছে।
টেসলার প্রধান কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক আগে জানিয়েছিলেন, রোডস্টার ঐচ্ছিক সুবিধা হিসেবে এই প্রযুক্তি যুক্ত হতে পারে।
মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের সহায়তায় তৈরি এ থ্রাস্টার প্রযুক্তি গাড়িটিকে বাড়তি সক্ষমতা দিতে পারে বলে দাবি করা হয়েছে। এমনকি স্বল্প সময়ের জন্য গাড়িটি মাটি থেকে উপরে উঠতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে উৎপাদন পর্যায়ের গাড়িটি প্রযুক্তিটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো বিস্তাবির জানায়নি টেসলা।
রোডস্টার বাজারে আসতে দীর্ঘ বিলম্ব
টেসলা ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচন করেছিল। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, গাড়িটি মাত্র ১.৯ সেকেন্ডে ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে সক্ষম হবে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ মাইলের বেশি হতে পারে।
তবে ঘোষণার পর প্রায় এক দশক ধরে গাড়িটির উৎপাদন বারবার পিছিয়েছে। এখনো পর্যন্ত গ্রাহকদের হাতে পোঁছায়নি।
রোডস্টার নিয়ে টেসলার দীর্ঘ বিলম্ব নিয়ে প্রযুক্তি অঙ্গনেও আলোচনা হয়েছে। এমনকি টেসলার সিইও ইলন মাস্ক ও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মধ্যেও এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা দেয়।
অল্টম্যান জানিয়েছিলেন, তিনি রোডস্টারের জন্য ৫০ হাজার ডলার বুকিং ফি দেওয়ার পরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। তিনি মন্তব্য করেছিলেন, সাড়ে সাত বছরের অপেক্ষা অনেক দীর্ঘ। পরবর্তীতে মাস্ক জানান, বুকিংয়ের অর্থ ফেরত দেওয়া হবে।
নতুন নকশায় আসতে পারে রোডস্টার
আসন্ন উন্মোচন অনুষ্ঠানে ২০১৭ সালের প্রদর্শিত মডেলের তুলনায় সম্পূর্ণ নতুন নকশার রোডস্টার দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক প্রতিবেন অনুযায়ী, টেসলা আগের নকশা থেকে সরে এসে নতুন সংস্করণের স্পোর্টস কার তৈরির কাজ করছে। তবে নতুন নকশাটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ইলন মাস্ক আগেই জানিয়েছিলেন, নতুন রোডস্টার উন্মোচনের পরও এর উৎপাদন শুরু হতে গ্রাহকদের আরও ১২ থেকে ১৮ মাস অপেক্ষা করতে হতে পারে।
তাই অক্টোবর ১ আয়োজনে শুধু গাড়ি উন্মোচন নয়, বরং টেসলার দীর্ঘদিনের প্রতিশ্রুতি-উচ্চ গতি, উন্নত প্রযুক্তি এবং বিশেষ থ্রাস্টার সুবিধা-কতটা বাস্তবে রূপ নিচ্ছে, সেটিও পরিষ্কার করবে।
