সাগরে দুই ভাইয়ের মৃত্যু, অলৌকিভাবে বেঁচে ফিরল কিশোর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নৌকা উলটে যাওয়ার কয়েকদিন পর ১৫ বছর বয়সি এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে থাকা তিনজনের মধ্যে একমাত্র সেই বেঁচে ছিল।
দুর্ঘটনায় কিশোরটির বড়ভাই ও এক চাচাতো ভাই মারা গেছে। পরে উলটে যাওয়া নৌকাটির ওপর বসে থাকা অবস্থায় কিশোরটিকে দেখতে পায় মার্কিন কোস্ট গার্ড। এরপর একটি উদ্ধারকারী নৌযানে তাকে নিরাপদে তুলে নেওয়া হয়।
উদ্ধার পাওয়া ওই কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। কোস্টগার্ড জানায়, গত ৪ সেপ্টেম্বর আলাস্কার উপকূলের সেন্ট লরেন্স দ্বীপ থেকে ১৮ ফুটের একটি নৌকায় মাছ ধরতে বেরিয়েছিল ওই তিন ভাই। কিন্তু নির্ধারিত সময়ে ফিরে না আসায় অনুসন্ধান শুরু করে কোস্টগার্ড।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের একটি বিমান উলটে যাওয়া নৌকাটি শনাক্ত করে। তখন ওই কিশোর উলটে থাকা অ্যালুমিনিয়ামের নৌকার ওপর একা বসে ছিল। কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে। পরে তার বড় ভাই ও চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকারী নৌকার ক্যাপ্টেন অ্যাডাম হোয়াইট জানান, উদ্ধার করার সময় কিশোরটি প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারের মধ্যে সমুদ্রের প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উলটে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরেছিল। তখন তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে হাইপোথার্মিয়া দেখা দিয়েছিল। খাবারের পাশাপাশি পানির চরম সংকট থাকলেও কিশোরটি হাল ছাড়েনি।
