সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
উলফ ক্রিস্টারসন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সুইডেনের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বিরোধীরা। মধ্য-বাম বিরোধী জোটের কাছে অল্প ব্যবধানে পরাজিত হওয়ার পর প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন পদত্যাগ করেছেন। খবর বিবিসির
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন।
এর আগে রোববারের (১৩ সেপ্টেম্বর) নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৫০ হাজার।
সোশ্যাল ডেমোক্র্যাট দলের ম্যাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো সুইডেনের পার্লামেন্ট 'রিকসডাগ'-এর ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টি আসনে জয়ী হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
রক্ষণশীল নেতা ক্রিস্টারসন সরকার পরিচালনায় অভিবাসন-বিরোধী ও কট্টর ডানপন্থি দল 'সুইডেন ডেমোক্র্যাটস' (এসডি)-এর সমর্থন পেয়েছিলেন এবং নির্বাচনে জিতলে তাদের মন্ত্রিসভায় পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সুইডিশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রিকসডাগে তার ডানপন্থি জোট ১৭৩টি আসনে জয়ী হতে যাচ্ছে।
ফলাফলগুলো আগামী দিনগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করা হবে এবং এই সপ্তাহান্তেই তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
সুইডেনে দুটি প্রধান রাজনৈতিক জোট রয়েছে—যার একটিতে চারটি ডানপন্থি এবং অন্যটিতে চারটি বামপন্থি দল রয়েছে। তাই সুইডেনের জনগণ জোট সরকার ও সংখ্যালঘু সরকারের সাথে অভ্যস্ত।
প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর রিকসডাগের স্পিকার পরবর্তী নেতা হিসেবে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করার জন্য সব দলের সাথে আলোচনা করেন এবং এরপর এমপিরা সেই প্রস্তাবের ওপর ভোট দেন।
ক্রিস্টারসনের বিবৃতিতে বলা হয়, ‘এখন স্পিকারই নতুন সরকার গঠনের পরবর্তী ধাপের নেতৃত্ব দেবেন। সেই কাজ যাতে অবিলম্বে শুরু হতে পারে, সেজন্য আমি প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি।’
ইনস্টাগ্রামে দেওয়া এক ভাষণে অ্যান্ডারসন বলেন, ‘সুইডেনের জনগণ আমাদের দেশের জন্য একটি নতুন পথের পক্ষে ভোট দিয়েছে।’
পদত্যাগের সময় ক্রিস্টারসন বলেন , পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে বিরোধী দলকে ‘জটিল’ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, কারণ নির্বাচনের আগে বিভিন্ন দলের দেওয়া নানা বক্তব্য বাধার সৃষ্টি করতে পারে।

