Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রমজান কাদিরভ। ছবি: সংগৃহীত

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম কট্টর অনুগত ও বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। নিজেকে সবসময় পুতিনের ‘পদাতিক সেনা’ বলে পরিচয় দেওয়া কাদিরভ অবশ্য একসময় রাশিয়ার বিরুদ্ধে চেচনিয়ার স্বাধীনতার জন্যই লড়াই করেছিলেন। 

কিন্তু হঠাৎ কি এমন হলো যে, নিজেদের স্বাধীনতার নেশায় মত্ত থাকা কাদিরভ একটা সময়ে গিয়ে বনে গেলেন পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র? 

১৯৭৬ সালের ০৫ অক্টোবর জন্ম নেওয়া কাদিরভ নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর (১৯৯১ সালে) চেচেন স্বাধীনতাকামীদের সঙ্গে যুক্ত হন। 

প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬) চেচেন স্বাধীনতাকামীদের (ইসলামপন্থীদের) পক্ষে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন তিনি। কিন্তু ১৯৯৯ সালে শুরু হওয়া দ্বিতীয় চেচেন যুদ্ধের সময় তার বাবা আখমাদ কাদিরভ এবং তিনি ক্রেমলিনের সঙ্গে সমঝোতা করেন এবং রাশিয়ার পক্ষে অবস্থান নেন। 

এই দুটি রক্তক্ষয়ী যুদ্ধের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়াকে ক্রেমলিনের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং রমজানের বাবা আখমাদ কাদিরভকে শাসনভার দেন। 

এই সময়ে বাবা ও ছেলে উভয়েই বিচ্ছিন্নতাবাদী পথ ছেড়ে রাশিয়ার পক্ষে চলে আসেন। ২০০৩ সালে বাবা আখমাদ প্রেসিডেন্ট হন এবং রমজান হন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। 

২০০৪ সালে এক বোমা হামলায় বাবা আখমাদ কাদিরভ নিহত হন। এর পরই পুতিনের বিশেষ কৃপায় খুব দ্রুতই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রমজান। ২০০৭ সালে ৩০ বছর বয়স পূর্ণ হলে পুতিনের মনোনয়নে রমজান চেচনিয়ার প্রেসিডেন্ট হন এবং আজ পর্যন্ত সেই ক্ষমতা ধরে রেখেছেন। 

ক্ষমতায় এসেই তিনি চেচনিয়াকে একচ্ছত্র ও কঠোর হাতে শাসন করতে শুরু করেন। তার ব্যক্তিগত বাহিনী ‘কাদিরভৎসি’র বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার মতো বহু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেখানে সরকারবিরোধী সমালোচক, সাংবাদিক, মানবাধিকারকর্মী কিংবা সাধারণ ভিন্নমতাবলম্বীরা সবসময় চরম ঝুঁকির মধ্যে থাকেন। 

পুতিনের আস্থার প্রতীক ও ইউক্রেন যুদ্ধ

উত্তর ককেশাস অঞ্চলে যেকোনো বিদ্রোহ বা অসন্তোষ কঠোরভাবে দমন করতে পুতিন পুরোপুরি কাদিরভের ওপর নির্ভর করেন। পুতিনের প্রতিটি সামরিক নির্দেশ পালনের প্রকাশ্য ঘোষণা দিয়ে আসা কাদিরভ এর বিনিময়ে চেচনিয়ায় নিজের মতো করে দেশ চালানোর স্বাধীনতা ভোগ করেন। 

এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে তিনি প্রকাশ্যেই এর পক্ষে অবস্থান নিয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে চেচেন সেনা পাঠিয়েছেন। সম্প্রতি পুতিন তাকে ‘কর্নেল জেনারেল’ পদেও ভূষিত করেছেন। পুতিনের সেই বিশ্বস্ত সহযোগী হিসেবে কাদিরভ বিশ্ব রাজনীতিতে প্রতিনিয়ত নিজের প্রভাব বজায় রেখে চলেছেন। 

সূত্র: ডয়চে ভেলে 


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম