এবার তেলেগু সিনেমার ক্লিপ শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম
দক্ষিণী সিনেমা ‘ভগবন্ত কেসারি’র একটি দৃশ্য।
|
ফলো করুন |
|
|---|---|
ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির জবাবে এবার ভারতের একটি তেলেগু সিনেমার অ্যাকশন দৃশ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেছে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস। তবে মজার ব্যাপার হলো, এর ঠিক পরেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের মধ্যে দীর্ঘ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানি দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেগু তারকা নন্দমুরি বালাকৃষ্ণার ‘ভগবন্ত কেসারি’ সিনেমা থেকে একটি মারপিটের ক্লিপ পোস্ট করে।
ট্রাম্পকে কটাক্ষ করে তারা লিখেছে, ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিলেও ভালো করেই জানেন যে ইরান সুরক্ষাহীন নয়। দূতাবাস আরও ব্যঙ্গ করে বলেছে, মনে হয় তারা হলিউডের বদলে বলিউড সিনেমা দেখেই এমন কথা বলছেন।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তার সামনে একটি বড় সিদ্ধান্ত আছে—তিনি কি ইরানকে নতুন করে গড়ে ওঠার সুযোগ দেবেন, নাকি খুব দ্রুত তাদের পুরোপুরি ধ্বংস করে দেবেন?
কিন্তু এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই পালটে যায় দৃশ্যপট। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার এই বৈঠকে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেছেন এবং খুব শিগগিরই আরও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন।
এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সমস্যার সমাধানে ট্রাম্প যেকোনো দেশের নেতার সঙ্গেই কথা বলতে রাজি আছেন। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিউইয়র্ক সফর এবং এই অপ্রত্যাশিত বৈঠক বর্তমান বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

