যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন সেনারা, ৮ জনের আত্মহত্যার চেষ্টা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
মার্কিন সেনাবাহিনীর সদস্যদের একটি দল। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলুর
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) প্রকাশিত ওই চিঠিটি পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চিঠিতে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে কাও ইউএসএস আব্রাহাম লিংকনের সদস্যদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে বিস্তারিত তথ্য দেন।
চিঠিতে কাও লিখেছেন, লিংকনের সামরিক অভিযানের শুরু থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। তবে এই সময়ে কোনো নৌসদস্য আত্মহত্যা করেননি।
তিনি জানান, এই সংখ্যার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং সব বিমান স্কোয়াড্রনের সদস্যরা রয়েছেন।
লিংকন স্ট্রাইক গ্রুপের অধীনে প্রায় ছয়টি জাহাজে ৬ হাজার থেকে ৭ হাজার মার্কিন নৌসদস্য মোতায়েন ছিলেন। ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার সময় বিমানবাহী রণতরীটি ছয় মাসেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করে।
এক মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আটটি আত্মহত্যার চেষ্টা অত্যন্ত বেশি।’
তার মতে, সাম্প্রতিক সময়ে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্যান্য মোতায়েনে বছরে সাধারণত এক বা দুটি এমন ঘটনা ঘটেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, স্বাভাবিক সামরিক অভিযানের তুলনায় যুদ্ধকালীন কার্যক্রমের চাপ অনেক বেশি। দীর্ঘ সময় কোনো বন্দরে না থামা, সবসময় সতর্ক অবস্থায় থাকা এবং টানা সামরিক অভিযান চালানোর কারণে নৌসদস্যদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন মোট ২৮৬ দিন সমুদ্রে অবস্থান করার পর গত ২ সেপ্টেম্বর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে ভেড়ে।


