Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদের বিরোধিতা পাকিস্তানসহ ১২ দেশের

Advertisement

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিরোধিতা করেছে পাকিস্তানসহ ১২টি দেশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ গোষ্ঠীর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে নতুন স্থায়ী সদস্যপদের পরিবর্তে নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি আবর্তনশীল সদস্যপদ চালুর পক্ষে মত দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বিবৃতিটি দেওয়া হয়। গোষ্ঠীটির ১২ সদস্য হলো—আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক।

যৌথ বিবৃতিতে বলা হয়, আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর নিরাপত্তা পরিষদ গড়ে তোলাই তাদের অভিন্ন লক্ষ্য। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এমন একটি পরিষদ প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

গোষ্ঠীটি জানায়, নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানো হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতি সংরক্ষণ করা সম্ভব হবে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সদস্য সংখ্যা বাড়ানোই আফ্রিকার দীর্ঘদিনের প্রতিনিধিত্বের ঘাটতি দূর করার সবচেয়ে ন্যায্য ও গণতান্ত্রিক উপায়। একইভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মতো অন্যান্য কম প্রতিনিধিত্ব পাওয়া অঞ্চলের ক্ষেত্রেও এটি কার্যকর হবে।

‘ইউনাইটিং ফর কনসেনসাস’ গোষ্ঠী নতুন স্থায়ী সদস্যপদ তৈরির বিষয়ে তাদের বিরোধিতার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে (আইজিএন) সমর্থন জানিয়েছে তারা।

গোষ্ঠীটির মতে, নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর নেতৃত্বে আলোচনা করার একমাত্র বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হলো আইজিএন। সংস্কারের পরবর্তী ধাপ সংলাপ, নমনীয়তা ও সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভেটো ক্ষমতার বিষয়ে গোষ্ঠীটি জানায়, তারা ভেটো বিলুপ্তির পক্ষে। তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে ব্যাপক নৃশংসতা ও যুদ্ধাপরাধের মতো পরিস্থিতিতে ভেটোর ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

ভেটোর ব্যবহার সীমিত করার লক্ষ্যে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগ এবং ‘অ্যাক্ট কোড অব কনডাক্ট’-এর মতো বিদ্যমান উদ্যোগগুলোর কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের ব্যাপক সংস্কারের লক্ষ্যে সাধারণ পরিষদের সভাপতি, ভবিষ্যৎ আইজিএন-এর সহসভাপতি এবং সব সদস্যরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম