পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সামা টিভির খবরে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা এবং তাদের গতিবিধি লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় চালানো অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হন।
এদিকে বেলুচিস্তানের মাস্তুংয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হন।
এ ছাড়া সিয়াপুশত ও কিল্লি গাশতারি এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও পেশাদারত্বের প্রশংসা করেন জারদারি এবং তাদের কঠোর পদক্ষেপগুলোকে জাতির দৃঢ় সংকল্প ও মনোবলের প্রতিফলন আখ্যা দেন।
প্রেসিডেন্ট জারদারি বলেন, এই সফল অভিযানগুলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় সংকল্প স্পষ্টভাবে তুলে ধরে। সন্ত্রাসীদের বিদেশি মদদদাতা এবং তাদের স্থানীয় সহযোগীদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও মাস্তুং ও উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
নাকভি ভারত-সমর্থিত ১৮ জন সন্ত্রাসীকে নির্মূলে নিরাপত্তা বাহিনীর পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এই অভিযানগুলো জাতীয় নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খাওয়ারিজ’র বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং তাদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

