‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছালেও সেগুলোর ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেওয়া হয় না—এমনই এক রসাত্মক ও আক্ষেপের সুরে মন্তব্য করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
সম্প্রতি রাজস্থানের যোধপুরে সমাপ্ত হওয়া আন্তর্জাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে অংশ নিতে প্রথমবারের মতো ভারতে আসে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ স্টিল্থ যুদ্ধবিমান। এই মহড়ার সমাপনী দিনে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহিনীর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় বিমানপ্রধান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তরফ থেকে জানতে চাওয়া হয় যে, যুক্তরাষ্ট্র কি তাদের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির কোনো অফার দিয়েছে?
উত্তরে মজা করে বিমানবাহিনীর প্রধান বলেন, আপনারা তো আমাদের বিমানের ধারেকাছেও যেতে দেন না, আবার বিক্রির কথা বলছেন!
তবে পরক্ষণেই নিজের মন্তব্যকে স্পষ্ট করে তিনি জানান যে, কথাটি তিনি নিছক কৌতুকচ্ছলেই বলেছেন এবং এটিকে গুরুতর কিছু হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। তিনি যোগ করেন, যেকোনো দেশই তাদের সংবেদনশীল ও গোপনীয় সামরিক প্রযুক্তি সুরক্ষার স্বার্থে এমন কড়া নিয়ম মেনে চলে। এমনকি ভারতও সব প্রযুক্তি সবার সঙ্গে শেয়ার করে না।
অন্যদিকে মার্কিন কমান্ডার কেভিন স্নাইডার জানান, এই যুদ্ধবিমানের প্রযুক্তি বা তথ্য কার সঙ্গে কতটা শেয়ার করা যাবে, তা তাদের নির্দিষ্ট কিছু প্রতিরক্ষা নির্দেশিকা ও গাইডলাইনের ওপর নির্ভর করে।
বর্তমানে ভারত নিজের দেশেই পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যা পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছুটা সময় লাগবে। এর মাঝে চীনের জে-২০ ও জে-৩৫ কিংবা পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধবিমান সংগ্রহের মতো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সময়ে অন্য কোনো বিকল্প নিয়ে ভাবছে ভারত।
এ বিষয়ে বিমানবাহিনী প্রধান জানান, রাশিয়া তাদের ‘সুখোই-৫৭’ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিলেও ভারত এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
সূত্র: এনডিটিভি

-6acb7f8646b9e.jpg)