ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ এএম
পেন্টাগনে অনুমতি মিললেই হামলা হবে ইরানে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইরানে নতুন করে চালানো হামলার জন্য শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক স্থাপনায় এই বোমা দিয়ে হামলা চালানো হতে পারে।
বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস ও পেন্টাগন ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বোমা ব্যবহারের সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
পেন্টাগনের এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর পর্যায় থেকে দেওয়া নির্দেশনা বাস্তবায়ন এবং যেকোনো পরিস্থিতিতে অভিযানের সফলতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ বিভিন্ন ধরনের সামরিক পরিকল্পনা তৈরি করে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, সম্ভাব্য বা বিদ্যমান স্পর্শকাতর সামরিক পরিকল্পনা নিয়ে তারা মন্তব্য করেন না। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।
গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। একই সময়ে ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছিলেন তিনি। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে বৃহস্পতিবার ইরানে এমওএবি বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সিএনএন।
কতটা শক্তিশালী ‘মাদার অব অল বম্বস’?
এমওএবি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। এর ওজন ৩০ হাজার পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ১৩ হাজার ৬০০ কেজি। প্রতিটি বোমার দাম প্রায় ১ লাখ ৭০ হাজার ডলার।
২০১৭ সালে আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) একটি গুহা ও সুড়ঙ্গ কমপ্লেক্সে হামলা চালাতে প্রথমবারের মতো এই বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
ইরানে এই বোমা ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। তবে এখন পর্যন্ত এটি সম্ভাব্য সামরিক পরিকল্পনা হিসেবেই আলোচনায় এসেছে। ট্রাম্পের পক্ষ থেকে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়ার কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

