কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে বড় জালিয়াতি অভিযোগ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাল কাগজপত্র ও মিথ্যা তথ্য দিয়ে দুই শতাধিক বাংলাদেশিকে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। মোট ২০৯ জন বাংলাদেশি নাগরিকের করা ২৪৩টি সাময়িক ভিসা (টিআরভি) আবেদনে জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর এই পদক্ষেপ নেয় দেশটির সীমান্ত রক্ষা বাহিনী।
অভিযুক্তদের মধ্যে রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাচ্ছার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম—এই চারজন বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। তবে মামলার পঞ্চম আসামি মো. রকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কানাডার আদালত।
এই জালিয়াতির রহস্য উন্মোচিত হয় ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। ওই বছরের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ার শহরের একটি বাড়িতে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে অভিযান চালায় সিবিএসএ। সেখানে অভিবাসন আইন লঙ্ঘনের বেশ কিছু প্রমাণ মেলার পর একই বছরের আগস্ট থেকে পুরো ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।
তদন্তে দেখা যায়, কানাডায় বসবাসকারী কয়েকজন নাগরিককে ভুয়া আমন্ত্রণকারী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তাদের মাধ্যমে একটি চক্র বানিয়ে জাল নথি তৈরি করে বাংলাদেশিদের কানাডায় নিয়ে আসার চেষ্টা চলছিল। পরবর্তীতে ২০২৫ সালের জুনে কুইবেক ও ওন্টারিওতে একযোগে তল্লাশি চালিয়ে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র জব্দ করা হয়। এই চক্রের চক্রান্ত প্রমাণ করতে সিবিএসএ সবচেয়ে বড় ও সুস্পষ্ট ৭৯টি ভিসা আবেদন বেছে নিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
অভিযুক্তদের বিরুদ্ধে কানাডায় অবৈধভাবে লোক আনার চক্রান্ত করা, ভিসা আবেদনে তথ্য লুকাতে সাহায্য করা এবং অভিবাসন আইন ভাঙার অপরাধ আনা হয়েছে।
কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসঙ্গরী জানান, কানাডার অভিবাসন ব্যবস্থা আইনের ওপর ভিত্তি করে তৈরি। দেশের নিয়ম ভেঙে যারা এভাবে জালিয়াতি করতে চাইবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে সিবিএসএ জানিয়েছে, ভিসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
সূত্র: কানাডা ডট সিএ

-6adb4195bc1e9.jpg)