লাদাখ নিয়ে চীনের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভারতের
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:৪৭ পিএম
ছবি: আনন্দবাজার পত্রিকা
|
ফলো করুন |
|
|---|---|
লাদাখ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়, চীনের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, লাদাখ নিয়ে চীনের কিছু বলারই অধিকার নেই। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
অনুরাগ আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের আর্থিক এবং সামাজিক মানোন্নয়নের লক্ষ্যেই পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছি আমরা। কোনও অবস্থাতেই তা থামবে না। খবর আনন্দবাজার পত্রিকার।
সোমবার সীমান্তে ৪৪টি সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখ, জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তারখণ্ড এবং পাঞ্জাবের বিভিন্ন সীমান্ত এলাকায় এসব নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্তে অবকাঠামোগত উন্নয়নকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার প্রধান কারণ হিসাবে বর্ণনা করে বলেন, উভয়পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যা উত্তেজনা বাড়িয়ে তোলে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই যে চীন, লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। এটি এবং অরুণাচল প্রদেশকে ভারত অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা সামরিক উদ্দেশ্যে সীমান্তে অবকাঠামোগত উন্নয়নের বিরোধী।
