শত শত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হবে জুলাই
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি মাসে বিশ্বের গড় তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে দেখা দিয়েছে। অন্যদিকে আমেরিকা, এশিয়াসহ বিশ্বের আরও কিছু অঞ্চলেও তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে মানুষ। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট এক বিবৃতিতে জানান, চলমান জুলাই মাস হতে পারে শত শত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস।
শুক্রবার এক প্রতিবেদনে তার এ মন্তব্যের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এছাড়া চলতি বছরের তুলনায় ২০২৪ সাল আরও বেশি উষ্ণ বছর হবে বলেও জানানো হয়েছে। শ্মিট বলেন, ২০২৩ সালের জুলাই মাস ‘হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের মধ্যে’ সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস।’
ইউরোপীয় ইউনিয়ন এবং মেইন ইউনিভার্সিটির মতে, চলমান এই গরম ও তাপপ্রবাহের দৈনিক রেকর্ডগুলো ছড়িয়ে গেছে। শ্মিট বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে সামান্য মতপার্থক্য থাকলেও প্রচণ্ড তাপপ্রবাহ পৃথিবীতে বইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আরও বলেন, ‘আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রে যে তাপপ্রবাহ দেখছি তা আসলে সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’
শ্মিট তাপপ্রবাহের বিভিন্ন প্রভাবে শুধু এল নিনোর আবহাওয়ার ধরনকে দায়ী না করে বাযুমণ্ডলে অতিরিক্ত গ্রিনহাউজ গ্যাস প্রবেশ করানোর মতো বিভিন্ন মানব কর্মকাণ্ডকেও দায়ী করেছেন। আর এটি চলতে থাকলে এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এএফপি জানায়, ২০২৩ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার সম্ভাবনা দিন দিন বাড়ছে তা চলমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। যদিও গ্যাভিন শ্মিট এই সম্ভাবনাটিকে ‘ফিফটি ফিফটি’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি জানিয়েছেন, জুলাই মাস শত শত বছরের মধ্যে উষ্ণতম মাস হবে তা মনে করেন ৮০ শতাংসের মতো বিজ্ঞানী।
