বেলুচিস্তানে তিনসপ্তাহ মোবাইল ডেটা সেবা স্থগিত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ বেলুচিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে।
সাম্প্রতিক কিছু হামলার জন্য অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার একটি আদেশ জারি করেছে, যার একটি কপি বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকদের হাতে এসেছে।
আদেশে বলা হয়েছে, প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চলতি মাসের শেষ পর্যন্ত মোবাইল ডেটা সেবা বন্ধ থাকবে। পাকিস্তানের এই প্রদেশেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
শুক্রবার প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, ‘এই সেবা বন্ধ করার কারণ হলো সন্ত্রাসীরা তা ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান করছে।’
এর আগে গত মাসের শেষ দিকে নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে ইরানে সড়কপথে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান।
সরকারি তথ্য অনুযায়ী, ভৌগোলিকভাবে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা প্রায় ৮৫ লাখ।
আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশের জনসংখ্যা প্রায় ১ কোটি ৫০ লাখ। অন্যদিকে পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটির সামান্য বেশি।
কয়েক দশক ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছে। তাদের অভিযোগ, পাকিস্তান সরকার প্রাদেশিক সম্পদের ন্যায্য হিস্যা থেকে তাদের বঞ্চিত করছে।
বেলুচিস্তান খনিজ সম্পদসমৃদ্ধ প্রদেশ। সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো খনিজ সম্পদে বড় হিস্যা দাবি করে আসছে। কিন্তু তা পূরণ না হওয়ায় গত কয়েক মাসে সেখানে সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করেই অধিকাংশ হামলা চালানো হচ্ছে। জবাবে সেনাবাহিনীও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে।
