Logo
Logo
×

Advertisement

জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে বর্তমান সরকার বিগত হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে। সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে এই সরকারের গন্তব্যও হাসিনার মতো হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিগত নির্বাচনের আগে একটি দল বলেছিল, নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবে সমস্যা দ্বিগুণ হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি নতুন বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকার বৈষম্যের নতুন মাত্রা যোগ করছে। শিক্ষাঙ্গনে আগের মতোই দলীয়করণ, লুটতরাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসানো হচ্ছে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এ অবস্থায় দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই নিরাপদ আশ্রয়স্থল মনে করে।

রুকনদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সুরা ও কালাম বুকে ধারণ করে খাঁটি ইসলামি চেতনায় এগিয়ে যেতে হবে। নিজের নফস, পরিবার ও আচরণকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শুধু তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও ভালো আচরণে আকৃষ্ট হয়ে বিদায় হজে লক্ষাধিক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। রাসুল (সা.) তার আমল ও নৈতিকতার শক্তি দিয়েই মদিনাসহ সারাবিশ্ব জয় করেছিলেন। সমাজে সুদের কোনো স্থান নেই, সর্বাবস্থায় সুদ হারাম।

গাজীপুরকে গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা উল্লেখ করে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জান-মাল দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনার তাগিদ দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পরিচালিত হলেও দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির পছন্দের লোক দিয়ে। ফলে বর্তমানে দেশে কার্যত দুই ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান—একটি জনগণের ভোটাধিকারের নামে, অন্যটি বিএনপির একক পছন্দে।

তিনি অভিযোগ করেন, সরকার তাদের পছন্দের লোক বসিয়ে সিন্ডিকেট তৈরির মাধ্যমে স্থানীয় সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও করপোরেশনে লুটপাটের রাজত্ব কায়েম করছে। এ নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশ ও জাতি আজ জামায়াতে ইসলামীর দিকে বহু আশা নিয়ে চেয়ে আছে।

তিনি বলেন, শত বাধা-বিপত্তি পেরিয়ে হলেও দেশে আল-কুরআনের শাসন কায়েম করা হবে, ইনশাআল্লাহ।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপাধ্যক্ষ আব্দুর রউফ, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান, জেলা আমির ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমির খায়রুল হাসান, সেক্রেটারি আ স ম ফারুক এবং জেলা মহিলা সেক্রেটারি আমেনা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুল হালিম। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

জামায়াত নেতার পদত্যাগ

জামায়াত নেতার পদত্যাগ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

আরও পড়ুন

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

৩০ বছরের সেই পুরোনো কমিটি ভেঙে দিল জামায়াত

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম