সিভিতে যে ৮টি দক্ষতা থাকলে চাকরির সুযোগ বাড়বে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাকরির বাজারে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, সিভিতে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতার কথাও তুলে ধরা দরকার। নিয়োগদাতারা সাধারণত এমন প্রার্থীকে গুরুত্ব দেন, যার প্রয়োজনীয় কাজের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতা রয়েছে।
সিভিতে উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ ৮টি দক্ষতা হলো-
১. মনোযোগ দিয়ে শোনা
ভালোভাবে অন্যের কথা শোনা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি গুণ। সহকর্মী বা কর্মকর্তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারলে কাজ বুঝতে ও সঠিকভাবে করতে সুবিধা হয়।
২. যোগাযোগের দক্ষতা
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে স্পষ্ট ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারা একজন কর্মীর গুরুত্বপূর্ণ যোগ্যতা বলে বিবেচিত হয়। একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকলে সেটিও সিভিতে উল্লেখ করা যেতে পারে।
৩. কম্পিউটার দক্ষতা
বর্তমান সময়ে সব পেশাতেই কম্পিউটার ব্যবহারের প্রয়োজন রয়েছে। তাই প্রয়োজনীয় সফটওয়্যার ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে তা সিভিতে তুলে ধরা উচিত।
৪. গ্রাহকসেবা দক্ষতা
প্রতিটি প্রতিষ্ঠানের গ্রাহক গুরুত্বপূর্ণ অংশ। গ্রাহকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা এবং তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারার দক্ষতাও চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেবা খাতের চাকরিতে এ দক্ষতার গুরুত্ব বেশি।
৫. নেতৃত্বের দক্ষতা
নেতৃত্ব দেওয়ার সক্ষমতা একজন কর্মীকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। বিশেষ করে দলের সদস্যদের পরিচালনা করা, উৎসাহ দেওয়া এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলে তা সিভিতে উল্লেখ করা ভালো।
৬. ব্যবস্থাপনা দক্ষতা
একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা দক্ষতার গুরুত্ব অনেক। কাজের পরিকল্পনা, কর্মীদের মাঝে কাজ বণ্টন এবং নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কাজ সম্পন্ন করার দক্ষতা থাকলে সেটি সিভিতে তুলে ধরা যেতে পারে।
৭. সমস্যা সমাধানের দক্ষতা
কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করে সমাধান বের করতে পারা একজন দক্ষ কর্মীর অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। তাই সমস্যা সমাধানের সক্ষমতা থাকলে তা অবশ্যই সিভিতে উল্লেখ করা উচিত।
৮. সময় ব্যবস্থাপনা
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারা কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহার, কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং সময় মতো দায়িত্ব সম্পন্ন করার দক্ষতা একজন চাকরি প্রার্থীকে নিয়োগদাতার কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
