Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

Advertisement

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিচারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করছে, তবে চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে- এমনটি ধরে নেওয়া হচ্ছে না।

তিনি বুধবার (২৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি না যে, ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে। তবে আমরা জবাবের প্রত্যাশা করছি।’

উপদেষ্টা জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে নোট ভার্বাল পাঠিয়েছে ভারতের উদ্দেশে, যা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়।

তৌহিদ হোসেন জানান, ভারত জবাব দেবে না এমনটি বাংলাদেশ মনে করছে না; তবে সাত দিনের মধ্যেই উত্তর আসবে এমন প্রত্যাশা নেই।

সর্বশেষ নোট ভার্বালটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে।

গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দিয়ে সহযোগিতা করায় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে, তবে কোনো জবাব পায়নি। ‘এখন পরিস্থিতি ভিন্ন, বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছে।’

উপদেষ্টা নিশ্চিত করেন যে, বাংলাদেশের অনুরোধটি দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম