Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৪১ এএম

সম্ভাবনাময় ক্রিকেটার থেকে যেভাবে শীর্ষ সন্ত্রাসী হলেন ডেভিড ইমন

Advertisement

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের ত্রাস সন্ত্রাসী ডেভিড ইমন। তাকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা তাকে গ্রেফতার করা হয়। বিদেশে থাকা শীর্ষসন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত এলাকায় ত্রাসের রাজত্ব তার।    

পুলিশ বলছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে বর্তমানে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন তিনি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নাজিমুল হক গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী ইমন চার দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢোকেন। পুলিশের অভিযানের তথ্য পেয়ে তিনি আবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।’

কে এই ডেভিড ইমন?

ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা মো. মুসা ওমানপ্রবাসী ছিলেন। কয়েক বছর আগে মারা গেছেন।

স্থানীয় লোকজন জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন। পরে নগরের অক্সিজেনে খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। অনুশীলন করতেন কাজীর দেউড়ি স্টেডিয়ামে।

চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির সাবেক কোচ আমিনুল হক বলেন, ‘ইমন খুবই ভালো ক্রিকেট খেলত। বাঁহাতি লেগ স্পিনার (চায়নাম্যান) হিসেবে তার ভালো পরিচিতি ছিল। ব্যাটিংও ভালো করত। জাতীয় দলের খেলোয়াড় কিংবা বিদেশি দলের খেলোয়াড়েরা চট্টগ্রামে এলে নেট অনুশীলনে ইমন বল করত। তার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই খেলা থেকে উধাও হয়ে যায়। ২০২০ সালের পর তাকে আর দেখা যায়নি।’

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারীতে জোড়া খুন, চান্দগাঁওয়ে আফতাব হত্যা মামলাসহ বিভিন্ন ঘটনায় তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছে।

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী ইমন বলেন, ‘ছোটবেলা থেকে ভালো ক্রিকেট খেলত ইমন। পরে শহরে চলে আসে প্রশিক্ষণের জন্য। পরে দেখি নানা অপরাধে তার নাম আসছে। অথচ ভালো ক্রিকেটার হয়ে কাঞ্চননগরের সুনাম বাড়াতে পারত। এখন সন্ত্রাসপ্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। বিষয়টি দুঃখজনক।’

পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের রহমানিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষা দেননি ইমন। ২০২০ সালে করোনার পর তিনি পুরোপুরি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

২০২২ সালে ওমানে যান ইমন। বছরখানেক পর দেশে ফিরে আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। তখন নগরের বায়েজীদ বোস্তামী এলাকার আতুরার ডিপো এলাকায় অবস্থান শুরু করেন। সেখানেই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

পুলিশের ভাষ্য, ৫ আগস্টের পর নগরের অক্সিজেন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ইমনের সক্রিয় অংশগ্রহণ তাকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আনে।

পুলিশের দাবি, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবির জন্য বেশি ফোন করতেন ইমন।

চলতি বছরের জানুয়ারিতে নগরের বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিনকে ফোন করে তিনি বলেন, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।’

এ ছাড়া ‘এমনভাবে গুলি করা হবে যে পরিবারের লোকজন গণনাও করতে পারবে না’ কিংবা ‘গুলি করে পুরো শরীর ভোমরার বাসা করে দেওয়া হবে’—এ ধরনের হুমকি দিয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

১৩ জুলাই নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইমনের সহযোগীদের বিরুদ্ধে। এর দুই দিন আগে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে তিনি বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন দুই কোটি টাকা দেবেন। মাসে দেবেন ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।’

সন্ত্রাসের পথ কেন বেছে নিয়েছেন—এ প্রশ্নের জবাবে ইমন বলেন, ‘আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বড় ক্রিকেটার হব, না হয় বড়লোক হব। বড়লোক হওয়ার জন্য এই পথে আছি।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, লোকজনকে ফোনে ইমন এমনভাবে কথা বলেন, মানুষ খুব সহজে ভয় পেয়ে যায়। অস্ত্রও ভালো চালাতে পারেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চমেক থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট ভিসি

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

বিপিসির মহাব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে সিবিএ নেতার মামলা, সমন জারি

সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্বে ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

ঘরে বসে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে, খরচ কত?

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম