বন্ধুকে ৬ টুকরো: কারাগার থেকে পালিয়ে যাওয়া সোহেল ফের গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সোহেল রানাকে (৩৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি (পূর্ববর্তী র্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর থানাধীন আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
এসআরবি কর্মকর্তা জানান, জহির (২০) ও সোহেল রানা এলাকার প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু। স্থানীয় এক মাদক কারবারির সঙ্গে পরিকল্পনা করে জহিরকে সাভারের হেমায়েতপুরে ঘুরতে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়। পরে গুম করার জন্য লাশ ৬ টুকরো করে বিক্ষিপ্তভাবে ফেলে দেওয়া হয় পার্শ্ববর্তী একটি নদীতে। এ ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা কারাগারে ছিলেন। তবে ২০২৪ সালের ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানকালীন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তালা ভেঙে ও কারারক্ষীদের আহত করে পালিয়ে যান তিনি।
হাফিজুর রহমান জানান, ঘটনার পর জহিরের বাবা বাদী হয়ে মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ২০১৯ সালে আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন। পরে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান সোহেল। পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
