Logo
Logo
×
   

জাতীয়

হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারণ

ধর্ম মন্ত্রণালয়ের লগো। ছবি: সংগৃহীত

চলতি বছরের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশে মোট ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

রোববার (১৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি)  এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে। 

হজযাত্রীরা কোন তারিখে টিকা নেবেন, তা পরবর্তীতে তাদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

টিকা গ্রহণের সময় হজযাত্রীদের অবশ্যই হজ পোর্টাল থেকে ডাউনলোড করা তাদের ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট করা কপি সঙ্গে রাখতে হবে। এই তালিকায় ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকেও টিকার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকার বাইরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রাম, সিলেট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের সদর হাসপাতালকেও এই তালিকায় রাখা হয়েছে। 

এছাড়া ঢাকা জেলা বাদে দেশের অন্যান্য সকল জেলার সিভিল সার্জন অফিসগুলোও টিকাদান কেন্দ্র হিসেবে কাজ করবে।

ধর্ম মন্ত্রণালয় এর আগেই জানিয়েছে, টিকা নেওয়ার পূর্বশর্ত হিসেবে হজযাত্রীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। হজ সংক্রান্ত যেকোনো জরুরি তথ্যের জন্য হজযাত্রীরা ১৬১৩৬ নম্বরে কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম