উপকূলীয় ভোটকেন্দ্রে থাকবে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপকূল ও নদীতীরবর্তী ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবে সাড়ে তিন হাজার কোস্টগার্ড সদস্য। তারা ১০০টি প্লাটুনে স্থল ও জলভাগে ভাগ হয়ে উপকূলীয় এবং নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের সন্দ্বীপের কয়েকটি নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এ তথ্য জানান। পরে বাহিনীটির সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জিয়াউল হক বলেন, নির্বাচনের নিরাপত্তায় ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিন কোস্টগার্ডের প্লাটুনগুলো মোতায়েন থাকবে। তারা স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নির্ধারিত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছেন।
এছাড়া ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা থাকবে।
কোস্টগার্ড মহাপরিচালক আরও বলেন, কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ ছাড়াও যে কোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
নির্বাচনকালীন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোস্টগার্ড জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সর্বাÍক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
