মানুষ শান্তিতে থাকতে না পারলে উন্নয়নের কোনো সার্থকতা নেই: পরিবেশ মন্ত্রী
সোনাগাজী (ফেনী) দক্ষিণ, প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষের জীবনমান উন্নয়ন করতে হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা জরুরি। সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে উন্নয়ন করতে হবে।
রোববার (৮ মার্চ) বিকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু উন্নয়ন দিয়ে মানুষের জীবনমান উন্নয়ন করা যাবে না। মানুষ যদি শান্তিতেই না থাকতে পারে, তাহলে উন্নয়নের কোনো সার্থকতা হবে না। আগে মানুষের নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আমি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, প্রতিমাসে একবার আমি সোনাগাজী উপজেলায় এসে সব সমস্যার সমাধানে সচেষ্ট থাকব। মানুষের কোনো দুর্ভোগ বা কষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে কোনো সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, পৌরসভার প্রকৌশলী হুমায়ুন কবির ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার প্রমুখ।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি কাটিমন আমের চারা লাগিয়ে উপকূলীয় জনপদে পরিবেশের অভূত উন্নয়নের ঘোষণা দেন মন্ত্রী।

