ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পুনর্বহাল করা হয়েছে। গত মঙ্গলবার (১০ মার্চ) ইন্দুরকানী উপজেলার নাম জিয়ানগর পুনর্বহাল করে গেজেট প্রকাশিত হয়।
বিগত ৪ দলীয় জোট সরকারের সময়ে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর জেলার সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা গঠন করার প্রস্তাব করেন।
২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুরে সফরে এসে জিয়ানগর উপজেলা উদ্বোধন করেন। ২০১৭ সালে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার ওই বছরের ৮ ফেব্রুয়ারি জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা নামকরণ করেন।
এরপর এ বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা এর প্রস্তাবে মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর উপজেলা নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ মার্চ) ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর নামকরণ করে গেজেট প্রকাশিত হয়।
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর নামকরণ করে গেজেট প্রকাশিত হয়েছে। এখন থেকে দাপ্তরিক কাজকর্ম থেকে সব ক্ষেত্রে জিয়ানগর নাম ব্যবহৃত হবে।
