কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা হবে: অ্যাটর্নি জেনারেল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ১৮তম নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। কোনো জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতেই কাজ করা হবে।
আজ বুধবার (২৫ মার্চ) নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন বলেও জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর থেকেই আইন অঙ্গনে গুঞ্জন ছিল, কে হবেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল। আলোচনায় ছিল একাধিক নাম। অবশেষে আজ নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ইংল্যান্ডের বিখ্যাত লিংকনস ইন থেকে স্বীকৃতিপ্রাপ্ত ব্যারিস্টার। এছাড়া তিনি ছাত্রজীবনে কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
রুহুল কুদ্দুস কাজল ১৯৮৬ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ১৯৮৮ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সাবেক কূটনীতিকও। ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন।
২০২০ সাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর নির্বাচিত সম্পাদক নির্বাচিত হন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সারাদেশের আইনজীবীদের ভোটে দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুহুল কুদ্দুস ছাত্র রাজনীতি করেছেন। ছাত্রজীবনে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেন।

